পুনর্গঠন প্রক্রিয়ায় পদ্মা ব্যাংক

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৮ এএম

একসময় সম্ভাবনাময় বেসরকারি ব্যাংক হিসেবে যাত্রা শুরু করলেও এক দশকের ব্যবধানে অস্তিত্বের সংকটে পড়েছে পদ্মা ব্যাংক পিএলসি। অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা, বিপুল খেলাপি ঋণ ও মূলধন ঘাটতিতে ব্যাংকটির আর্থিক ভিত্তি কার্যত ভেঙে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানের শত শত কোটি টাকা মূলধন জোগানও কাজে আসেনি। এখন আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে ব্যাংকটিকে রেজল্যুশনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে পদ্মা ব্যাংককে পুনর্গঠন, অন্য ব্যাংকের সঙ্গে একীভূতকরণ কিংবা শেষ পর্যন্ত অবসায়নের পথ খুলেছে। তবে কোন প্রক্রিয়ায় ব্যাংকটির সংকটের সমাধান হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান দেশ রূপান্তরকে বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ পদ্মা ব্যাংককে রেজল্যুশনের অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় ব্যাংকটিকে রেজল্যুশনের আওতায় আনার অনুমোদন দেওয়া হয়। তিনি বলেন, রেজল্যুশনে তো অনেক পদ্ধতির কথা বলা আছে। এখন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ তা কীভাবে করবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তারা প্রস্তাব দিলে পুনরায় বোর্ডে উঠবে। মুখপাত্র আরও বলেন, ব্যাংকটির বর্তমান সংকটের জন্য কারা দায়ী, তা চিহ্নিত করা হবে। নিরীক্ষা প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দেশ রূপান্তরকে বলেন, পদ্মা ব্যাংকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক এবং আইসিবি শেয়ারহোল্ডার হিসেবে পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদে রয়েছে। ব্যাংকটিকে ঘুরে দাঁড় করানোর বিষয়ে পর্ষদ সদস্যরা বসে নতুন করে সিদ্ধান্ত নেবেন। তবে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ না থাকায় তখন এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের মধ্য দিয়ে দীর্ঘদিনের সংকটে থাকা পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। রেজল্যুশন হলো কোনো ব্যাংক যখন স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনায় অক্ষম হয়ে পড়ে, তখন আমানতকারী ও আর্থিক ব্যবস্থার ক্ষতি কমিয়ে ব্যাংকটির পুনর্গঠন, একীভূতকরণ কিংবা অবসায়নের জন্য নিয়ন্ত্রক সংস্থার বিশেষ ব্যবস্থা। অর্থাৎ রেজল্যুশনের আওতায় আসা মানেই ব্যাংক বন্ধ হয়ে যাওয়া নয়; বরং ব্যাংকটিকে কীভাবে টিকিয়ে রাখা যায়, আর তা সম্ভব না হলে কীভাবে দায় ও সম্পদ নিষ্পত্তি করা যায়, সেটিই এ প্রক্রিয়ার মূল লক্ষ্য।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ ব্যাংকটির সম্পদ, দায়, খেলাপি ঋণ, মূলধন ঘাটতি ও আমানতকারীদের পাওনা পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে। এ ক্ষেত্রে প্রশাসক নিয়োগ, বহিঃনিরীক্ষা ও সম্পদের মান যাচাইয়ের পর নতুন মূলধন জোগান, অন্য ব্যাংকের কাছে সম্পদ ও দায় হস্তান্তর কিংবা অবসায়নের মতো বিকল্প বিবেচনায় আসতে পারে। সংশ্লিষ্ট বিভাগের প্রস্তাব পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ব্যাংকটির ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমানতকারীদের অর্থের সুরক্ষা এবং সরকারি বিনিয়োগের দায় নিষ্পত্তি। কারণ দীর্ঘদিন ধরে সংকটে থাকা পদ্মা ব্যাংককে সচল রাখতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানগুলো বিপুল অর্থ বিনিয়োগ করেও কাক্সিক্ষত ফল পায়নি।

পদ্মা ব্যাংকের আর্থিক সংকট কতটা গভীর, তা বোঝা যায় ব্যাংকটির খেলাপি ঋণ ও মূলধনের পরিসংখ্যান থেকে। ২০২৫ সালের জুন শেষে ব্যাংকটির বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৫ হাজার ৫৯৮ কোটি টাকা। এর মধ্যে ৫ হাজার ১৩১ কোটি টাকাই খেলাপি হয়ে পড়ে। অর্থাৎ মোট ঋণের ৯১ দশমিক ৬৬ শতাংশ ছিল খেলাপি। একই সময়ে ব্যাংকটির শেয়ারহোল্ডারদের মূলধন বা ইকুইটি ঋণাত্মক ছিল ৪ হাজার ৫৩৩ কোটি টাকা। এর অর্থ, ব্যাংকটির মোট দায় সম্পদের তুলনায় অনেক বেশি। ফলে সব সম্পদ বিক্রি করেও সব দায় পরিশোধ করার মতো সক্ষমতা ব্যাংকটির নেই।

২০২৫ সালের জুন শেষে ব্যাংকটির আমানতের পরিমাণ ছিল ৬ হাজার ৩৪৭ কোটি টাকা। এর মধ্যে ব্যক্তিপর্যায়ের আমানতকারীদের অর্থ ছিল ১ হাজার ৪৮৭ কোটি টাকা, প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ৭৮০ কোটি টাকা এবং ব্যাংকগুলোর আমানত ৪০৪ কোটি টাকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত