শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যে চবির হীরকজয়ন্তী উদযাপন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ এএম

৬০ বছরপূর্তি উপলক্ষে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উদযাপিত হয়েছে হীরকজয়ন্তী। গতকাল বুধবার দিনব্যাপী আনন্দ র‌্যালি, কেক কাটা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে উৎসবের মধ্যেই অনুষ্ঠানস্থলে মুখোমুখি অবস্থানে দেখা যায় শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যদের দুই পক্ষকে আলাদা করে রাখতে দেখা যায়।

গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আনন্দ র‌্যালির মধ্য দিয়ে হীরকজয়ন্তীর আয়োজন শুরু হয়। র‌্যালিটি শহীদ মিনার চত্বর থেকে অগ্রণী ব্যাংক মোড় ও নিরাপত্তা দপ্তর মোড় হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটা হয়।

হীরকজয়ন্তীর আলোচনা সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ‘গবেষণাভিত্তিক কাজ বাড়াতে হবে, যাতে তা অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। এটি সরকারের পরিকল্পনায় রয়েছে। টিএসসি অনুমোদন হয়েছে। ছাত্রাবাসের যে পরিকল্পনা নিয়ে কথা হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন হবে। যাতায়াতের বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। চবির জন্য যাতায়াতের ব্যবস্থা করা হবে।’

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাষ্ট্রীয় কাজ থাকায় আসতে পারিনি। তবে আনন্দের বিষয় ৬০ বছর হয়ে গেছে। এ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে কীভাবে কাজে লাগাতে পারি, তা নিয়ে ভাবতে হবে। অ্যালামনাই আছে, শিক্ষক আছেন, অনেক সমৃদ্ধ। এত সুন্দর জায়গায় অবস্থিত ক্যাম্পাস খুব কম বিশ্ববিদ্যালয়েরই আছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত