মতপ্রকাশের কারণে ১০ মাসে নিপীড়নের শিকার ১১১ জন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ এএম

মতপ্রকাশে বাধা দেওয়া হচ্ছে নাগরিকদের। মতপ্রকাশের পর তা বিপক্ষে গেলে নাগরিকদের নামে দেওয়া হচ্ছে মামলা, গ্রেপ্তার করছে আইনশৃঙ্গলা বাহিনী, আবার কখনো কখনো হামলা ও শারীরিক নির্যাতনের মুখেও পড়তে হচ্ছে। শুধু তাই নয়, ব্যক্তির সামাজিক মাধ্যমে দেওয়া বক্তব্যের জেরেও হামলা, গ্রেপ্তার কিংবা সাইবার আইনে মামলার মুখে পড়তে হচ্ছে। মানবাধিকার সহায়তা সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সংগঠনটির দেওয়া তথ্য মতে, চলতি বছরের প্রথম ১০ মাসে দেশের ৩৮ জেলায় মতপ্রকাশের কারণে ৮৬টি ঘটনায় নিপীড়নের শিকার হয়েছেন ১১১ জন। তাদের মধ্যে ৬৬ জনকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। ভুক্তভোগীদের তালিকায় রয়েছেন ২৫ সাংবাদিক ও তিন শিক্ষার্থী। এ সময়ে মারধরের শিকার হয়েছেন চারজন, পিটুনিতে প্রাণ গেছে ভোলায় দুজনের।

মতপ্রকাশের কারণে আইনি হয়রানি ও গ্রেপ্তারের ঘটনা সবচেয়ে বেশি। তাদের বিরুদ্ধে বিভিন্ন আইনে মোট ৬৬টি প্রয়োগের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সাইবার নিরাপত্তা আইন, অধ্যাদেশ ও অন্যান্য সাইবার আইনে ৩৬টি, দণ্ডবিধি ও মানহানির অভিযোগে ১৩টি এবং সন্ত্রাসবিরোধী আইনে ১০টি প্রয়োগের ঘটনা রয়েছে। এ ছাড়া ১১ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আটকের শিকার ৬৬ জনের মধ্যে ৪৭ জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ১৯ জনকে কোনো মামলা ছাড়াই আটক বা গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাই পুরুষ। গ্রেপ্তার ও হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে ৬৩ জন পুরুষ এবং তিনজন নারী।

প্রতিবেদনে বলা হয়, সরকারের সমালোচনা, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্য, বিএনপির নেতা এবং রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ৬২ জন নিপীড়নের শিকার হয়েছেন। প্রধানমন্ত্রীর সমালোচনার জেরে ২২ জন হয়রানির মুখে পড়েছেন; তাদের মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ধর্মীয় বিষয় বা ব্যক্তিকে নিয়ে বক্তব্যের কারণে নিপীড়নের শিকার হয়েছেন ২৩ জন। জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে সমালোচনার জেরে ১০ জন, সংবাদ প্রকাশের কারণে সাতজন এবং বিএনপির এক নেতার করা মানহানির অভিযোগে সাতজন হয়রানির শিকার হয়েছেন।

 ১১ নারী ভুক্তভোগীর মধ্যে সাতজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সমালোচনার অভিযোগে স্টেট ডায়ালগ ফোরামের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি।

প্রতিবেদনে উঠে এসেছে, সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি। তাদের করা মামলার শিকার হয়েছেন ১৪ জন সাংবাদিক। ভোলা, চট্টগ্রাম ও বগুড়া এই তিন জেলায় ১৯ জন সাংবাদিক ভুক্তভোগী হয়েছেন।

সংগঠনটি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে অযৌক্তিক মামলা ও গ্রেপ্তার বন্ধ, সাংবাদিক ও শিশু-কিশোরদের বিশেষ সুরক্ষা এবং মতপ্রকাশের কারণে সংঘটিত সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার সুপারিশ করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত