ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই (উপপরিদর্শক) অনুপম দাস তিনজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন উভয় পক্ষের শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো অপর দুজন হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকর্মী ওবায়দুর রহমান ও সুমাইয়া ইসলাম।
গত মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের মামলার শুনানি করতে গেলে অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগকে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আটক ও মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময়ে আদালত এলাকায় উপস্থিত ওবায়দুর রহমান ও সুমাইয়া ইসলামকেও আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে তিনজনকে সূত্রাপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার অভিযোগে বলা হয়, ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। সেই সময় মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দুজনকে আটক করা হয় এবং অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।