শিক্ষার্থী ধর্ষণে স্কুলশিক্ষকের যাবজ্জীবন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

লালমনিরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মো. নুরুজ্জামান (৪০) নামের এক স্কুলশিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদ-ের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। আদালত রায়ে নির্ধারিত জরিমানার পুরো ১ লাখ টাকা ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছে। দ-প্রাপ্ত নুরুজ্জামান লালমনিরহাট সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকার সেকেন্দার আলীর ছেলে। তিনি স্থানীয় গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরী শিক্ষার্থীকে স্কুলের পাশের একটি মসজিদের মুয়াজ্জিনের কক্ষে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন শিক্ষক নুরুজ্জামান। এ ঘটনায় ২০১২ সালে ভুক্তভোগীর বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আদালত আসামিকে এই সাজা প্রদান করে।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি। একজন শিক্ষক হয়ে নানা প্রলোভনে নিজের শিক্ষার্থীকে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করার বিষয়টি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এই দৃষ্টান্তমূলক রায়ের মাধ্যমে ভবিষ্যতে আর কোনো শিক্ষক এমন অন্যায় ও জঘন্য কাজে লিপ্ত হতে সাহস পাবেন না।’

সর্বশেষ সর্বাধিক পঠিত