বগুড়ায় হাসপাতালের সামনে ভুয়া চিকিৎসক, কারাদণ্ড ও জরিমানা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মো. আব্দুল করিম নামের এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে শজিমেক হাসপাতালের সামনে অবস্থিত কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। তবে এলোপ্যাথিক চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় নিবন্ধন ও বৈধ সনদ তার ছিল না। বিষয়টি জানতে পেরে ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন। চিকিৎসক পরিচয়ে অবৈধভাবে চিকিৎসাসেবা প্রদান এবং রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে তাকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউশন হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বগুড়া জেলা পুলিশের একটি দল।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবায় প্রতারণা রোধ এবং অবৈধ চিকিৎসা কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত