লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এএইউবি) ক্যাম্পাসে দুই দিনব্যাপী প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন তিনি।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান, লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবোটিকস ও মহাকাশ প্রযুক্তির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ তৈরি, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার বিকাশ এবং দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের একটি জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করছে। আগামী দিনে বিজ্ঞান ও প্রযুক্তি হবে অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিদক্ষ ও উদ্ভাবনী হিসেবে গড়ে তুলতে হবে। উপযুক্ত পরিবেশ, সুযোগ ও সহযোগিতা পেলে দেশের তরুণেরা একদিন আকাশ ও মহাকাশ প্রযুক্তিতেও গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করতে সক্ষম হবে। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, দেশের একমাত্র বিশেষায়িত অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় লালমনিরহাটে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ ও বিশেষ সহযোগিতার জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে ফ্যাকাল্টি অব অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনে ডিপার্টমেন্ট অব জেনারেল অ্যাভিয়েশন চালুর অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিভাগের অধীনে বিএসসি ইন অ্যারোনটিকস প্রোগ্রাম চালুরও অনুমোদন দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, প্রতিযোগিতার মাধ্যমে অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন ও রোবোটিকস প্রযুক্তিতে আগ্রহী তরুণদের জন্য প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময় এবং সম্ভাবনাময় উদ্ভাবকদের বিশ্ববিদ্যালয়ের আধুনিক গবেষণাগার ও প্রযুক্তিগত সুবিধা ব্যবহারের সুযোগ সৃষ্টি করা হবে। ভবিষ্যতে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদেরও এ প্রতিযোগিতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭৪টি দলের ২৯৬ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এর মধ্যে রোটরক্রাফট বিভাগে ১৬টি দলের ৬৯ জন, ফিক্সড উইং বিভাগে ১৭টি দলের ৮০ জন, সকার বট বিভাগে ৩৭টি দলের ১১৭ জন এবং স্পেস রোবোটিকস বিভাগে চারটি দলের ৩০ জন প্রতিযোগী রয়েছেন।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশের পাশাপাশি দেশের অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবোটিকস ও মহাকাশ প্রযুক্তি খাতে গবেষণা, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।