নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় রতন ডাইং কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাত ২টার পর এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। দগ্ধ অবস্থায় দু’জনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ২ জন রোগী বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে। দু’জনকেই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের চেষ্টা করছি।