মুন্সীগঞ্জের সিরাজদীখানে খড়ের স্তূপ থেকে যুবক মো. আলমগীরের (৩৯) মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মাত্র এক ভরি স্বর্ণালংকার নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাই ও ভাইয়ের স্ত্রীর পরিকল্পনায় ১ লাখ টাকার চুক্তিতে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার নিহতের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৩৫), ভাইয়ের স্ত্রী রিনা বেগম (২৪) এবং ভাড়াটে হত্যাকারী সাদ্দাম হোসেন (৩৩) ও শফিকুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করে পিবিআই। একই দিন সাদ্দাম ও শফিকুল মুন্সীগঞ্জ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে হত্যার রহস্য বেরিয়ে আসে। শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ পিবিআই এ তথ্য জানায়।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৭টার দিকে সিরাজদীখানের বালুচর ইউনিয়নের কালিনগর গ্রামে পরিবানু কিন্ডারগার্টেন সংলগ্ন সড়কের পাশের খড়ের স্তূপ থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আলমগীর সদর উপজেলার বিনোদপুর এলাকার আহম্মদের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই জানিয়েছে, বড় ভাই আলমগীর তার ছোট ভাই জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রিনা বেগমের কাছে এক ভরি ওজনের স্বর্ণালংকার জমা রেখেছিলেন। বড় ভাইকে না জানিয়েই তারা ওই স্বর্ণালংকার বন্ধক রেখে ৮ হাজার টাকা নেন মহাজনের কাছ থেকে। এ নিয়ে বিরোধের সৃষ্টি হলে স্থানীয় সালিশে স্বর্ণালংকার ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বর্ণ ফেরত না দিয়ে আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন ছোট ভাই ও তার স্ত্রী। এজন্য তারা সাদ্দাম হোসেনকে লাখ টাকায় চুক্তি করেন।
পিবিআই জানায়, পরিকল্পনা অনুযায়ী গত ১১ নভেম্বর সাদ্দাম ও শফিকুল বিয়ের পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে বাড়ি থেকে ডেকে নিয়ে অটোরিকশায় করে সিরাজদীখানের কালিনগর গ্রামে নিয়ে যায়। সেখানে তাকে মারধরের পর ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ খড়ের স্তূপের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যায় তারা।
নিখোঁজের ৬ দিন পর গত মঙ্গলবার রাতে সিরাজদীখানের কালিনগর গ্রামের খড়ের স্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন বুধবার নিহতের মা ছায়েরা বেগম বাদী হয়ে সিরাজদীখান থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করে।