শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন শিক্ষাবর্ষের বই। গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর ফল খারাপ হয়েছে, সরকার শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার পরও আগামীতে ফল খারাপ হলে শিক্ষকদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, এবার বইগুলো উন্নত মানের ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সহজে নষ্ট না হয়। কোনো বইয়ের ছাপা বা কাগজের মান ঠিক না থাকলে সংশ্লিষ্ট প্রকাশককে বিল দেওয়া হবে না।
আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, শিক্ষার্থীদের পোশাক, জুতা-মোজা, শিক্ষকদের ট্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে শিক্ষামন্ত্রী জানান। তিনি আরও জানান, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত দুটি শ্রেণিকক্ষ ও মাদ্রাসাগুলোতে মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ তৈরি করা হবে।