লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে রাঙ্গামাটির রাজবন বিহারে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ৫০তম কঠিন চীবর দানোৎসব। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। গতকাল শুক্রবার দুপুরে রাঙ্গামাটি রাজবন বিহারের ৫০তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে কোমর তাঁতের মাধ্যমে বুননের চীবর ভিক্ষু সংঘের নিকট দান করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষ থেকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নিকট চীবর দান করেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। ধর্মীয় উৎসবে যোগ দিতে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড ও মিয়ানমার থেকে বৌদ্ধ ভিক্ষু এবং ভারতের মহারাষ্ট্র থেকে বৌদ্ধ পুণ্যার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। সকালে বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিনের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে কঠিন চীবর দান ছাড়াও বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্য অর্থ দান, হাজার প্রদীপ দানসহ নানা দানীয় কার্য সম্পাদন করা হয়েছে। রাঙ্গামাটির রাজবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা বলেন, অন্যান্য বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ৫০তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। রাতব্যাপী কঠিন চীবর বুনন করে শুক্রবার ভিক্ষু সংঘকে সেই চীবর দান দেওয়া হয়েছে।
এর আগের দিন বৃহস্পতিবার বিকেলে চাকমা রাজপরিবারের সদস্য ও কুমার সুমিত রায়ের সহধর্মিণী জয়তী রায় চরকার সুতা কেটে বেইনঘর উদ্বোধনের মধ্য দিয়ে রাঙ্গামাটির রাজবন বিহারে শুরু হয় দুই দিনব্যাপী এ উৎসব।