মহানগর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:১০ এএম

কেন্দ্রীয় সংগঠনের ৪১ দিনের কর্মসূচির সঙ্গে আরও দুই মাস বাড়িয়ে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা। আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রতিদিন রাজধানীর একটি করে ওয়ার্ডে নাগরিক সমাবেশ করা হবে।

গতকাল শুক্রবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, নিরাপদ রাজধানী গড়ার দাবিতে প্রতিটি ওয়ার্ডে বড় নাগরিক সমাবেশ করা হবে। এতে দল-মত, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হবে। সমাবেশকে কেন্দ্র করে মিছিল, সভা ও গণসংযোগও চলবে। রমজান মাসে ধর্মীয় মর্যাদা বিবেচনায় রেখে ইফতার মাহফিল ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সেলিম উদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এসব ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার, অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং চাঁদাবাজি, দখলদারত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ভোটারদের প্রায় ৭০ শতাংশ জুলাই সনদের পক্ষে রায় দেওয়ার পরও সরকার রাষ্ট্রীয় সংস্কারে আগ্রহ দেখাচ্ছে না। সংসদে জুলাই সংস্কার পরিষদের শপথ নিয়ে সনদের বিষয়গুলো বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, পুরনো ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চিন্তাধারা দিয়ে বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব নয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত এবং প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

সর্বশেষ সর্বাধিক পঠিত