‘নিজের জীবনের হিসাবটা বড্ড এলোমেলো’

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:১০ এএম

একসময় সরকারি ব্যাংকের হিসাবের খাতায় নিখুঁত অঙ্ক মেলালেও নিজের জীবনের হিসাবটাই আজ বড্ড এলোমেলো সাবেক ব্যাংকার সালেহা আক্তারের। মানসিক ভারসাম্য হারিয়ে দীর্ঘ ১৬ বছর পায়ে শেকল পরে বন্দি জীবন কাটছে তার। একই নিয়তির শিকার তার সন্তান বরাতুল মোস্তাকিনও। পবিত্র কুরআনের ১৮ পারা মুখস্থ করা মেধাবী ছেলেটিও আজ মানসিক প্রতিবন্ধী হয়ে চার দেয়ালে বন্দি।

একসময় স্বামী-সন্তান নিয়ে সাজানো সংসার ছিল সালেহার। অগ্রণী ব্যাংকের হিসাবরক্ষক হিসেবে তিনি একাই সামলাতেন দুই পরিবারের দায়িত্ব। কিন্তু এক গভীর রাতের অজানা আতঙ্ক যেন সব ল-ভ- করে দেয়। চিকিৎসা করেও সুস্থ হননি সালেহা, হারান চাকরি ও সংসার। বিপদের দিনে মুখ ফিরিয়ে নেন স্বামী ও স্বজনরা।

সন্তান ও নাতির এই চরম বিপর্যয়ে সব হারিয়ে আজ নিঃস্ব বৃদ্ধা মা মমতাজ বেগম। তাদের চিকিৎসায় সহায়-সম্বল বিক্রি করে বয়সের ভারে ন্যুব্জ এই মা এখন ভিক্ষাবৃত্তি করে কোনোমতে তিনজনের আহার জোগান। গাজীপুরের কালিয়াকৈরের কুড়াচালায় ভাড়া বাসায় অর্ধাহারে-অনাহারে দিন কাটছে তাদের। জাতীয় পরিচয়পত্রের জটিলতায় মেলেনি কোনো সরকারি ভাতাও। তাদের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় হলেও তারা বসবাস করতেন ঢাকার উত্তরায়। তারা তিনজন গত ৯ বছর থেকে থাকছেন কুড়াচালায়। সম্প্রতি ‘কালিয়াকৈর গ্রুপ’ নামের একটি ফেসবুক সংগঠনের সদস্যরা তাদের পাশে দাঁড়ালেও, অসহায় এই পরিবারটির স্থায়ী পুনর্বাসন ও সুচিকিৎসার জন্য সরকার ও বিত্তবানদের জরুরি সহায়তা প্রয়োজন।

বৃদ্ধা মমতাজ বেগম বলেন, ‘আমার মেয়ে অগ্রণী ব্যাংকে চাকরি করত, আর নাতিরও কুরআনের ১৮ পারা মুখস্থ ছিল। দুজনই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় নিরাপত্তার খাতিরে মেয়েকে শেকল পরিয়ে এবং নাতিকে ঘরে বন্দি করে রাখতে হচ্ছে। বাবার বাড়ি থেকে পাওয়া সহায়-সম্বল, সোনাদানা ও কাপড়ের ব্যবসা সবই তাদের চিকিৎসায় শেষ হয়ে গেছে। এখন ভিক্ষা করে কোনোমতে সংসার চলে, মাঝেমধ্যে না খেয়েও থাকতে হয়। বাসা ভাড়া, ওষুধপত্র কিংবা সংসার চালানোর মতো কোনো উপায় নেই। আমি মারা গেলে ওদের কী হবে? তাই প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, তিনি যেন আমাদের পাশে দাঁড়ান। সরকারি সহায়তা পেলে এই দুই প্রতিবন্ধীকে নিয়ে কোনোমতে বেঁচে থাকতে পারব।’

কালিয়াকৈর গ্রুপের অ্যাডমিন জুয়েল পালোয়ান জানান, ‘১ লাখ ৩৬ হাজার সদস্যের পরিবার এই কালিয়াকৈর গ্রুপ। আমরা বিভিন্ন সামাজিক কর্মকা-ের পাশাপাশি অসহায় মানুষদের নানাভাবে সহায়তা করি। সেই ধারাবাহিকতায় খবর পেয়ে এই পরিবারটিকেও সাধ্যমতো সহযোগিতা করছি। সবার সহযোগিতা পেলে আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান জানান, ‘প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তাদের সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে। তবে তাদের জন্মনিবন্ধন ও এনআইডি কার্ড নেই। তারা যদি কালিয়াকৈরে এনআইডি কার্ড করতে পারেন, তবে তার মাধ্যমে প্রতিবন্ধী নিবন্ধনের আওতায় এনে সহায়তা দেওয়া সম্ভব হবে। পরবর্তী সময়ে আবেদন করলে তাদের চিকিৎসাসহ অন্যান্য সহযোগিতার ব্যবস্থাও করা যাবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত