ভালো ফলনেও খরচ উঠছে না

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ এএম

রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে সোনালি ফসল ফলালেও কৃষকের মুখে হাসি নেই। চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হলেও সার, কীটনাশক ও ডিজেলের বাড়তি দাম এবং বাজারে ধানের নিম্নমুখী দামের কারণে লোকসানে পড়েছেন চাষিরা। উৎপাদন খরচ তুলতে না পেরে প্রতি পাকি (২৬ শতাংশ) জমিতে কৃষকদের ৪ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর জেলায় ৫২ হাজার ৪৮৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যা গত বছরের ৫২ হাজার ৪৪৫ হেক্টরের তুলনায় কিছুটা বেশি। এর মধ্যে সদর উপজেলায় ১৪ হাজার ৮৫ হেক্টর, পাংশায় ১৩ হাজার ৫২০ হেক্টর, বালিয়াকান্দিতে ১২ হাজার ৯০ হেক্টর, কালুখালীতে ৮ হাজার ৫১০ হেক্টর এবং গোয়ালন্দে ২ হাজার ৫৯০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। আবাদকৃত এই জমি থেকে ১ লাখ ৮০ হাজার ৭০৯ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষকদের দেওয়া হিসাব অনুযায়ী, এক পাকি জমিতে আবাদ করতে সর্বমোট ২০ থেকে ২২ হাজার টাকা খরচ হয়। এর মধ্যে বীজ ও বীজতলা তৈরিতে ১,৯৫০ টাকা, জমি চাষে ১,২০০ টাকা, রোপণে ৩ জন শ্রমিক বাবদ ২,৪০০ টাকা এবং আগাছা পরিষ্কারে ২ জন শ্রমিক বাবদ ১,৬০০ টাকা ব্যয় হয়। এ ছাড়া রোপণের সময় সার ১,৫৮০ টাকা, পরবর্তী সময়ে দুই দফায় ইউরিয়া সার ও ঘাস নিধন ওষুধে যথাক্রমে ২৯৫ ও ৮৭৫ টাকা এবং পোকা দমনের ওষুধে ৩০০ টাকা খরচ পড়ে। এর বাইরে পুরো মৌসুমে সেচ বাবদ ২,০০০ টাকা, ধান কাটা ও মাড়াইয়ে ৬ জন শ্রমিকের মজুরি বাবদ ৪,৮০০ টাকা এবং এক মৌসুমের জমি ইজারা বাবদ ৫,০০০ টাকা (তিন ফসলি জমির বাৎসরিক ইজারা ১৫ হাজার টাকা) গুনতে হয় কৃষকদের।

অন্যদিকে, এক পাকি জমিতে সর্বোচ্চ ১৩ মণ ধান হয়। বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি মণ ১ হাজার ১০০ টাকা দরে এই ধানের বিক্রি মূল্য দাঁড়ায় ১৪ হাজার ৩০০ টাকা। এর সঙ্গে খড় বিক্রি বাবদ আরও ৪ হাজার টাকা যুক্ত হলে ফসল থেকে কৃষকের সর্বমোট আয় হয় ১৮ হাজার ৩০০ টাকা। ফলে ২২ হাজার টাকা খরচের বিপরীতে এক পাকি জমিতেই কৃষকের সরাসরি লোকসান গুনতে হচ্ছে ৩ হাজার ৭০০ টাকা। জমি ও উৎপাদন ভেদে এই লোকসানের পরিমাণ দ্বিগুণ পর্যন্ত হয়েছে বলে জানান কৃষক।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কাকিলাদাইড় গ্রামের কৃষক ওসমান শেখ বলেন, “এ বছর আমি এক একর জমিতে ‘ব্রি ধান ১০৩’  ও ‘পাইজাম’ জাতের আগাম ধানের আবাদ করেছিলাম। অর্ধেক ধান কাটা হয়ে গেছে। ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু সার ওষুধের দাম দ্বিগুণ হয়েছে। এক কেজি টিএসপি সার কিনতে হয়েছে ৩৮ টাকা দিয়ে। ডিজেলের দাম বাড়ার কারণে লাঙল ও সেচের খরচও বেশি লেগেছে। কিন্তু বাজারে ধানের দাম বাড়েনি। ধান আবাদ করতে যে পরিমাণ খরচ হয়েছে ধানের ফলন ভালো হওয়া সত্ত্বেও খরচ উঠছে না। এক একর জমিতে আমার প্রায় ২০ হাজার টাকা লোকসান হবে। ধানের আগে এই জমিতে পেঁয়াজ রোপণ করেছিলাম তাতেও প্রায় ৫০ হাজার টাকা লোকসান হয়েছে। নতুন ফসল আবাদের জন্য এখন আর কোনো পুঁজি নেই।”

রাজবাড়ী কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার ম-ল বলেন, ‘উৎপাদন খরচের চেয়ে ধানের বাজারমূল্য কম হওয়ায় সরকার ধান কিনছে। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নামে-বেনামে ধান বিক্রি করায় প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছেন। সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনলে তারা কিছুটা হলেও আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে  পারবেন।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধানের আবাদ হয়েছে। ধানের ফলন অনেক ভালো। ধানের দামের বিষয়টি আমার দপ্তরের আওতাভুক্ত নয়। কৃষক ফসলের উৎপাদন কীভাবে বাড়াতে পারে আমরা সে বিষয়ে দেখভাল করে থাকি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত