‘মানুষ হত্যা, আগুনসন্ত্রাস এবং কলকারখানা বন্ধের মতো কর্মকা-ের মাধ্যমে দেশের মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৭ বছরেও দেশের মৌলিক সমস্যার সমাধান হয়নি; আর এসব সমস্যার সমাধান না হলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।’
গতকাল শুক্রবার দেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতার এত বছর পরও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি। এখনো আগুনসন্ত্রাস, নিরীহ মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া এবং কলকারখানা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। নিজেদের ধ্বংস করে কোনো জাতি উন্নতির লক্ষ্যে পৌঁছাতে পারে না।’
ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে ১৮৬ বছরে পা রাখল ঢাকা কলেজ। ঢাকা কলেজ এবং ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরাফত আলী সপু ও স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহান।
রাষ্ট্রপতি বলেন, ‘ঢাকা কলেজকে তার ঐতিহ্য ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। যে সরকারই দায়িত্বে থাকুক, ঢাকা কলেজকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত। কলেজটিকে আবারও শিক্ষার মানের দিক থেকে শীর্ষ অবস্থানে নিতে হবে। কারণ ঢাকা কলেজ শুধু বাংলাদেশের নয়, সমগ্র উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল, পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশে এ কলেজের শিক্ষার্থীরা প্রশাসন, রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরাবরই মেধা ও দক্ষতার সাক্ষর রেখেছেন।’
ঢাকা কলেজের বর্তমান শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘কলেজের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন ও হোস্টেলের ব্যবস্থা নেই। ভালো লাইব্রেরি, গবেষণাগার এবং কম্পিউটার ব্যবহারের পর্যাপ্ত সুযোগও নেই। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিক্ষাপ্রতিষ্ঠানের এসব সমস্যার দ্রুত সমাধান করা প্রয়োজন।’
দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথা বলে রাষ্ট্রপতি বলেন, ‘প্রতিবছর অনেক শিক্ষার্থী স্নাতক শেষ করে বের হচ্ছেন, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও চাকরির সুযোগ তৈরি হচ্ছে না। শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের মানুষের জীবন ও অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে পারে।’
প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে শিক্ষাব্যবস্থাকে খাপ খাইয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘বিশ্বে বড় ধরনের প্রযুক্তিগত বিপ্লব ঘটে গেছে। চতুর্থ শিল্পবিপ্লবের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের কাজ ও জ্ঞানচর্চার ধরন বদলে দিচ্ছে। নতুন প্রজন্ম এসব প্রযুক্তি ব্যবহারে আগ্রহী। তাই শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে এসব প্রযুক্তি কীভাবে মানুষের কল্যাণে কাজে লাগানো যায়, সে বিষয়েও চিন্তা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষাব্যবস্থাকে উন্নয়ন ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। এ লক্ষ্যে তিনি একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন। সেই কমিশনের প্রতিবেদন এখনো আছে কি না, তা খুঁজে দেখার জন্য তিনি শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান।’
এর আগে ঢাকা কলেজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক শফিক রেহমান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আহমেদ কামাল, সংসদ সদস্য ফজলুল হক মিলন, সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। আরও বক্তব্য দেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।