‘নারীর সমান অংশগ্রহণেই দেশের উন্নয়ন সম্ভব’

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

একটি দেশ শুধু পুরুষদের অংশগ্রহণে এগিয়ে যেতে পারে না। দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে নারীদেরও সমানভাবে সম্পৃক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অপ্রাতিষ্ঠানিক পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী সব সময় সাদা শার্ট পরেন। সেই সাদা শার্ট যেমন ফ্রেশ, তেমনি তার মনও ফ্রেশ। দেশের মানুষ যেন ভালো ও শান্তিতে থাকে, সেটিই তাঁর প্রত্যাশা।

তিনি আরও বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশ নারী। দেশকে আরও গতিশীল ও উন্নত করতে হলে এই বিপুলসংখ্যক নারীকে কর্মক্ষেত্রে সম্পৃক্ত করতে হবে। নারীদের সঙ্গে নিয়েই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নারীদের নিয়ে বহুমুখী চিন্তাভাবনা করেছেন।

হাসান রাজীব প্রধান বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তাঁরা আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত