হেমন্তের শিশিরভেজা সকাল, হালকা কুয়াশা আর মিষ্টি রোদ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মাঠজুড়ে পাকা ধানের সোনালি শীষ, কৃষকের ঘরে ঘরে নতুন ধান তোলার প্রস্তুতি। ধান কাটা ও ঘরে তোলাকে কেন্দ্র করে টাঙ্গাইলের গ্রামীণ জনপদে বইছে নবান্ন উৎসবের আমেজ। তবে কৃষি উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বাজারে কৃত্রিম সংকটের কারণে ভালো ফলনেও লোকসানের আশঙ্কায় রয়েছেন কৃষকরা।
টাঙ্গাইলের বিস্তীর্ণ মাঠে এখন পাকা আমন ধানের সোনালি শীষ দোল খাচ্ছে। কোথাও চলছে ধান কাটার প্রস্তুতি, আবার কোথাও কাটা ধান রোদে শুকিয়ে ঘরে তুলছেন কৃষক-কৃষাণীরা। নতুন ধান ঘরে তোলাকে ঘিরে গ্রামজুড়ে শুরু হয়েছে নবান্নের উৎসব।
সরেজমিন মাঠে গিয়ে কৃষাণীদের সঙ্গে কথা বলে জানা যায়, ধান কাটা থেকে শুরু করে মাড়াই ও শুকিয়ে ঘরে তোলা পর্যন্ত নানা পরিশ্রম করতে হয়। এরপরও পাকা ধানের মৌ মৌ গন্ধ তাদের মনে আনন্দ জোগায়। প্রতিটি কৃষক পরিবারেই এ সময় উৎসবের আবহ তৈরি হয়।
সারা বছরের খাবারের জন্য ধান সিদ্ধ করে সংরক্ষণ করেন তারা। পাশাপাশি কিছু ধান সিদ্ধ না করে রাখা হয় শীতকালীন পিঠা তৈরির জন্য। শীতের শুরুতে গ্রামের বাড়িতে বাড়িতে আত্মীয়স্বজনদের নিয়ে নানা ধরনের পিঠা তৈরির আয়োজন চলে। সন্তান ও নাতি-নাতনিদের জন্য বাহারি পিঠা তৈরি করে প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখছেন তারা।
কৃষক আনিসুর রহমান জানান, আমনের চারা রোপণের পর থেকে সার ও কীটনাশক প্রয়োগসহ দীর্ঘ পরিচর্যার মধ্য দিয়ে ধান কাটার মৌসুম আসে। মাঠের ধানের শীষ সোনালি রং ধারণ করে বাতাসে দুলতে শুরু করলে কৃষকদের মনে আনন্দের সৃষ্টি হয়। এ সময় গ্রামে গ্রামে শুরু হয় নবান্নের আয়োজন। নতুন ধানের পিঠা-পায়েস তৈরি করে আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়া দীর্ঘদিনের ঐতিহ্য। উৎপাদিত ধানের একাংশ বিক্রি করেন, আর বাকিটা পরিবারের খাবারের জন্য সংরক্ষণ করেন তারা।
তবে উৎসবের আনন্দের পাশাপাশি কৃষকদের মধ্যে রয়েছে লোকসানের দুশ্চিন্তা। সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। এর সঙ্গে প্রয়োজনীয় উপকরণের কৃত্রিম সংকট যুক্ত হওয়ায় নতুন ধান ঘরে তুলেও কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
কৃষক আব্দুল কাদের মোল্লা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। কিন্তু সার ও কীটনাশকের মূল্যবৃদ্ধি এবং প্রয়োজনীয় উপকরণের কৃত্রিম সংকটের কারণে লোকসানের আশঙ্কা করছেন তিনি।
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ জানান, চলতি বছর আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৪ হাজার ৫৯০ হেক্টর জমিতে। তবে চাষাবাদ হয়েছে ১ লাখ ৬ হাজার ৪০ হেক্টর জমিতে। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৫৯০ মেট্রিক টন।
তিনি জানান, মাঠপর্যায়ের পর্যালোচনা অনুযায়ী, এ পর্যন্ত ২০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। পুরো ধান কাটা শেষ হলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।