গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। ‘কারা বার্তা’ নামের একটি ফেসবুক পেজে সম্প্রতি তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব, অনিয়ম এবং কারারক্ষীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে একটি পোস্ট প্রকাশ করা হয়। তবে কারা কর্তৃপক্ষ ও দায়িত্ব পালনকারী কারারক্ষীদের সঙ্গে কথা বলে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র ও কারা কর্তৃপক্ষের দাবি, কারাগারের সুশৃঙ্খল পরিবেশ বিঘ্নিত করা এবং জেল সুপারের ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি মহল পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালাচ্ছে।
ফেসবুক পোস্টে কারাগারে বিশেষ কয়েকজন বন্দিকে বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া এবং কারারক্ষীদের মানসিক নির্যাতনের অভিযোগ তোলা হয়। এসব বিষয়ে জেল সুপার মো. নিজাম উদ্দিন বলেন, কারাগারে ভিআইপি বা রাজবন্দি নামে কোনো বন্দি আটক নেই। রাজনৈতিক প্রেক্ষাপটে নাশকতাসংশ্লিষ্ট মামলায় আটক কয়েকজন বন্দিকে নিরাপত্তার স্বার্থে পর্যায়ক্রমে বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, কারাগারে কোনো বন্দিকে নিয়মের বাইরে অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়া হয় না। সরকারি বিধিমালা অনুসরণ করে শতভাগ পেশাদারত্বের সঙ্গে তারা দায়িত্ব পালন করছেন। কারারক্ষীদের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে সমন্বিতভাবে কাজ করছেন।
অনিয়ম ও নির্যাতনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে জেল সুপার বলেন, একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর ষড়যন্ত্র করে থাকতে পারে। কারাগারের বর্তমান পরিবেশে কোনো ধরনের নির্যাতনের সুযোগ নেই।
তিনি বলেন, রোস্টার অনুযায়ী নিয়ম মেনে কারারক্ষীদের দায়িত্ব বণ্টন করা হয়। এটি নিয়মিত দাপ্তরিক প্রক্রিয়ার অংশ। এখানে অমানবিক আচরণ বা মানসিকভাবে হয়রানি করার কোনো বিষয় নেই।
কারাগারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেল সুপার জানান, সব বন্দি নিয়ম অনুযায়ী তাদের প্রাপ্য সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন। কারাগারে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। বন্দিদের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে কারাগারে কর্মরত একাধিক কারারক্ষীর সঙ্গে কথা বললে তারাও অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ও নির্ধারিত রোস্টার অনুযায়ী তারা দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য। এখানে নিয়মের বাইরে কিছু করা হয় না।
অপর এক কারারক্ষী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ করা হচ্ছে, কর্মক্ষেত্রে তারা এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হননি। জেল সুপারের তত্ত্বাবধানে নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খলভাবে কারাগারের কার্যক্রম পরিচালিত হচ্ছে।