গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে স্বেচ্ছাশ্রমে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি। কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই নিজ উদ্যোগে এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয়েছে এক মিলনমেলায়।
কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে যুক্ত হতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। কোনো রাজনৈতিক পরিচয় কিংবা দলীয় বিবেচনা থেকে নয়, বরং নিজেদের আগ্রহ ও ভালোবাসা থেকেই তারা এ উদ্যোগে অংশ নিয়েছেন।
তারা আরও জানান, সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি, পারস্পরিক সহযোগিতা ও আনন্দঘন পরিবেশে একসঙ্গে কাজ করতে গিয়ে পুরো আয়োজনটি তাদের কাছে অনেকটা ঈদের আমেজের মতো মনে হচ্ছে।
স্বেচ্ছাশ্রমে পরিচালিত এ পরিচ্ছন্নতা কর্মসূচিতে বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।