বাঞ্ছারামপুরে শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী। শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার মাওলাগঞ্জ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) এস এম সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ম ম ইলিয়াস, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালে মুসা, উপজেলা কল্যাণ সমিতির সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান এবং বাঞ্ছারামপুর গণসংহতি আন্দোলনের সমন্বয়ক শামীম শিবলী প্রমুখ।

সভায় শিক্ষকরা উপজেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন। তারা বিদ্যালয়ের ক্লাস রুটিন পুনর্নির্ধারণ করে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঠদান চালুর প্রস্তাব দেন। একই সঙ্গে মধ্যাহ্ন বিরতি বাতিল করে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর দাবি জানান। তাদের মতে, এ ব্যবস্থা চালু হলে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতির হারও বাড়বে।

শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষকরা। তাদের ভাষ্য, বর্তমান অনুপাতের কারণে পাঠদান ও শিক্ষার্থীদের প্রতি যথাযথ মনোযোগ দেওয়া ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি শিক্ষার্থীদের শিখন অগ্রগতি ও শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনের ওপর গুরুত্ব দেন।

এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, নতুন পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে বেতন নির্ধারণ এবং অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস পরিচালনায় অর্থ বরাদ্দসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব তুলে ধরেন শিক্ষকরা।

বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা নিয়েও আলোচনা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয়ে সীমানাপ্রাচীর নির্মাণ এবং আধুনিক পাঠদানের সুবিধার্থে প্রতিটি প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের দাবি জানান তাঁরা।

শিক্ষকদের বক্তব্য শোনার পর প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী বলেন, শিক্ষা খাতে বাজেট ধারাবাহিকভাবে বাড়ানো হবে। শিক্ষকরা যাতে তাঁদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা পান, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং প্রতিষ্ঠানভিত্তিক সমস্যা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থাও নেওয়া হবে।

শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম বাড়াতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে এবং শিক্ষা কার্যক্রম এমনভাবে সাজাতে হবে, যাতে তারা আনন্দের সঙ্গে অংশ নিতে পারে।

শিক্ষকদের দায়িত্বের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে। পাশাপাশি ম্যানেজিং কমিটিকেও যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনীতিকরণ করা যাবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে নেওয়া সব উদ্যোগে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও আল এমরান খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত