ভাষাসংগ্রামী আহমদ রফিক বাংলা ভাষার চর্চা ও বিকাশের মাধ্যমে আত্মিকভাবে বাঙালি হয়ে উঠতে চেয়েছিলেন। বাংলা ভাষার মর্যাদা ও ব্যবহার বিস্তারে তিনি সক্রিয় ছিলেন বলে মন্তব্য করেছেন ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেত্রী দীপা দত্ত।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় আহমদ রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা, সংগীত ও কবিতা পাঠের আয়োজন ছিল।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক ড. হুমায়ুন কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী ও অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল সাদী।
অনুষ্ঠানের শুরুতে ভাষাসংগ্রামী আহমদ রফিকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ফাউন্ডেশনের সভাপতি মুনীর সিরাজের পক্ষ থেকে স্বাগত বক্তব্য পাঠ করেন সংস্কৃতিকর্মী মফিজুর রহমান লাল্টু।
লিখিত বক্তব্যে বলা হয়, বাংলা ভাষা ও পূর্ববাংলার নির্যাতিত বাঙালির জাতিসত্তা, ঐতিহ্য ও সংস্কৃতি সুরক্ষায় ভাষাসংগ্রামী আহমদ রফিক এবং তাঁর সমকালীন ভাষা আন্দোলনকারীরা অসামান্য অবদান রেখেছেন। তাঁদের অভীষ্ট লক্ষ্যের পূর্ণতা দেওয়ার প্রত্যয়ে ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে।
দীপা দত্ত বলেন, স্কুলজীবন থেকেই আহমদ রফিকের রাজনৈতিক চেতনা স্পষ্ট ছিল। সমাজের অসংগতি, শ্রেণিবৈষম্য ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তিনি নিয়মিত লেখালেখি করতেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী বলেন, আহমদ রফিকের বিশ্বাস শুধু চিন্তা বা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং আচরণ, কাজ ও সৃজনশীলতার মধ্য দিয়ে তিনি তার প্রতিফলন ঘটিয়েছেন। তারুণ্যের শুরুতেই মার্ক্সবাদে আস্থা অর্জন করে এর তত্ত্ব ও আদর্শ নিজের জীবনে ধারণ করেন তিনি। ব্যক্তিগত সম্পত্তি ও সম্পদের মালিকানায় তাঁর বিশ্বাস ছিল না। নিজের বাড়ি ও গাড়ি বিক্রি করে ভাড়া বাসায় থেকেছেন। বিভিন্ন ট্রাস্ট ফান্ড ও বৃত্তি তহবিল গঠন করে নিজের সম্পদ বিতরণ করেছেন। এটি তাঁর জীবনের একটি বিরল দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের দীর্ঘ ৭০–৭৫ বছরের ইতিহাসে অনেকেই নানা স্খলন ও লোভের ফাঁদে আটকে গেছেন। তবে আহমদ রফিকের মতো কিছু মানুষ ক্ষমতার বলয়ের বাইরে থেকে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। কোনো ধরনের সুযোগ-সুবিধা তাঁদের আকৃষ্ট করতে পারেনি।
অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক বলেন, আহমদ রফিককে ভালোবাসতে এবং তাঁর আদর্শ গ্রহণ করতে হলে তাঁর মতো জ্ঞানচর্চায় নিবেদিত হতে হবে। গড়ে তুলতে হবে জ্ঞানভিত্তিক সমাজ। কারণ জ্ঞানচর্চার মধ্য দিয়েই সমাজ ও জাতির নানা সংকট, হতাশা এবং সাংঘর্ষিক অবস্থার অবসান ঘটানো সম্ভব। এ ক্ষেত্রে আহমদ রফিক দৃষ্টান্ত রেখে গেছেন।
আহমদ রফিকের ভাগনে ড. হুমায়ুন কবীর বলেন, রাজনৈতিক কারণে চিকিৎসাবিদ্যার পড়াশোনা শেষ করতে না পারলেও সাহিত্য ও জ্ঞানচর্চায় অসামান্য অবদান রেখেছেন আহমদ রফিক। অর্থ কিংবা বড় পদ-পদবির প্রতি তাঁর আকর্ষণ ছিল না। যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সুযোগও প্রত্যাখ্যান করে দেশে থেকে গেছেন। জীবনের শেষ পর্যায়েও দেশের ও বাংলা ভাষার কল্যাণ নিয়ে ভাবতেন তিনি।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। কবিতা পাঠ করেন শিক্ষক ও সংস্কৃতিকর্মী ইশরাত রহমান নাদিয়া।