কয়েক দিনের সহিংসতার পর গোপালগঞ্জে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। গত শুক্রবার রাত থেকে কোথাও নতুন করে নাশকতার খবর পাওয়া যায়নি। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় এবং ঢাকা মহানগরীতে মোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গতকাল সকালে গোপালগঞ্জেই ছিল ২৯ প্লাটুন। সন্ধ্যা নাগাদ সেখানে ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকার কথা।
তবে দেশের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর-কিপাইতনগর এলাকায় গতকাল সন্ধ্যায় বিএনপির মিছিলে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মীরা। এতে ৬ ছাত্রদল কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নেত্রকোনার দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ করে পেট্রোল বোমা ছোড়া হয়েছে। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল ছোড়ার অভিযোগে ১ হাজার ২শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল জেলা শহর ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সড়কগুলোতে চলছে রিকশা ও ইজিবাইকসহ সব ধরনের যানবাহন। শহরের বাজারগুলোতে খুলেছে সব ধরনের দোকানপাট। বেড়েছে সাধারণ মানুষের ভিড়।
এদিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হলেও ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২২ নভেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে শুক্রবার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। তার সঙ্গে ছিলেন বিজিবি ও এসআরবির প্রধানরা।
গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি : বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জে নতুন করে ২৬ প্লাটুনসহ মোট ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। গতকাল সন্ধ্যার মধ্যে ওই ২৬ প্লাটুন গোপালগঞ্জে বিজিবি পৌঁছানোর কথা।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পরিচ্ছন্নতা কর্মসূচি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি। কোনো পারিশ্রমিক ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নিচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি পরিণত হয়েছে এক মিলনমেলায়। অংশগ্রহণকারীরা জানান, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনা থেকে নয়, বরং নিজস্ব আগ্রহ ও ভালোবাসা থেকেই তারা এ উদ্যোগে শামিল হয়েছেন।
আওয়ামী লীগের মাইকিং : জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দল ঘোষিত ২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৮ দফার আন্দোলন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে জেলা ও উপজেলায় মাইকিং করা হয়েছে। মাইকিংয়ে বলা হয়, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন তথা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত ৮ দফা দাবি আদায়ে সারা দেশে সর্বাত্মক আন্দোলন চলছে। বিএনপি ও জামায়াতের অনুপ্রবেশকারীরা এই কর্মসূচি নষ্ট করতে নাশকতার ইন্ধন দিচ্ছে। তাদের ফাঁদে কেউ পা দেবেন না। কেউ বিশৃঙ্খলা, ভাঙচুর ও অরাজকতার সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর-কিপাইতনগর এলাকায় গতকাল সন্ধ্যায় বিএনপির মিছিলে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মীরা। এ সময় আওয়ামী লীগবিরোধী মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মীরা বিএনপি কর্মীদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় ৬ ছাত্রদল কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে নাজিম ও হোসেন নামের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছে। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া আইলাপাড়া এলাকায় গতকাল শনিবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাজি নুর আলমের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নুর আলম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
নুর আলমের স্ত্রী পারভীন আক্তার জানান, রাতে এক দল দুর্বৃত্ত তাদের বসত বাড়িতে ভাঙচুর ও হামলা চালায়। তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পারভীনের বাবা হাজি আলম ঘটনাস্থলে রওনা হন। পথে হাজি আলমের পায়ে গুলি করে দুর্বৃত্তরা। পরে তারা বাড়ির প্রধান গেট ভেঙে লুটপাট করে এবং গ্যারেজা থাকা দুটি গাড়ি পুড়িয়ে দেয়। বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের লক্ষ্য করেও গুলি করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি ফকরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেব।’
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে গত শুক্রবার রাত দেড়টার দিকে গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ব্যাংক ভবনের সামনের খোলা জায়গায় আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে এক আনসার সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হক জানান, ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুই ব্যক্তিকে দেখা গেছে। ফুটেজটি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল ছোড়ার অভিযোগে ১ হাজার ২শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওই ঘটনা ঘটে। গতকাল শনিবার রানীশংকৈল থানায় পৌর যুবদলের সভাপতি মাহাবুব হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, রেজওয়ানুল হক রঞ্জু ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে। গতকাল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।