গতকাল শনিবার দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘অতীতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো হলেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুন্ন করার সাহস কেউ পাবে না। দেশকে কেউ আর তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।’
অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। সংবর্ধনায় বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকা-ে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব ও চব্বিশের গণঅভ্যুত্থানসহ প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে আমাদের দুটি প্রধান দায়িত্ব রয়েছে। প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়টি হচ্ছে, শহীদদের কাক্সিক্ষত একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।’
এ সময় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, ‘বর্তমান বিশ্বের নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অংশ।’
সশস্ত্র বাহিনীর শক্তিমত্তার জন্য চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও উন্নয়নের পাশাপাশি তাদের এবং পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নেও সরকার আন্তরিক। এরই অংশ হিসেবে যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ইতিমধ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে।’
২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী সেনানিবাসে এসে ব্যক্তিগতভাবে স্মৃতিকাতর হয়ে পড়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন।
এর আগে সকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। পরে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে যান। সেখানে তাকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও মহাপরিচালকরা। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রী ৭ বীর শ্রেষ্ঠের নিকট আত্মীয়সহ ১০০ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সেই বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করাই সরকারের অঙ্গীকার। বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।’ নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।’