সিআইডির জালে ‘কালো বিড়াল’

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:১১ এএম

পুলিশের সিআইডির জালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল জালিয়াতির ‘কালো বিড়াল’। বোর্ডের কম্পিউটার সেন্টার থেকেই বার বার ফল জালিয়াতির ঘটনা ঘটে আসছে। এই ঘটনায় সর্বশেষ সংযুক্ত ছিল গত এসএসসি পরীক্ষার ফলে এক শিক্ষার্থী বাংলা প্রথম পত্র ছাড়া সব বিষয়ে ফেল করলেও প্রকাশিত ফলাফলে ৪ দশমিক ৯৪ জিপিএ পেয়ে পাস করে। আর এই ঘটনার তদন্ত ও পরবর্তী সময়ে মামলা দায়েরের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কম্পিউটার সেন্টারের প্রোগ্রামারকে গ্রেপ্তার করে। এর বাইরে স্ক্যানিং বিভাগের আরও দুই জনকেও গ্রেপ্তার করা হয়। ফল জালিয়াতির এই ঘটনায় গত ১০ সেপ্টেম্বর দেশ রূপান্তরে ‘কম্পিউটার সেন্টারেই কালো বিড়াল’ এবং ৭ সেপ্টেম্বর ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবারও ফলাফল জালিয়াতি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়েছিল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফলাফল জালিয়াতির ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর নারায়ণ চন্দ্র নাথের ছেলের ফলাফলে ১১টি পত্রের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছিল। এ নিয়ে মামলাও হয় এবং মামলায় চার্জশিট দাখিলের পর এখন শুনানি চলছে। এ ছাড়া গত বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে পুনঃনিরীক্ষণের সময় ৩৪টি খাতার নম্বরপত্র বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবার আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল হাসিবুল আলী শোভন। তার পরীক্ষার রোল নম্বর১০৭২৪২, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে জিপিএ ৪.৯৪ পেয়েছিল। কিন্তু বাস্তবে সে বাংলা প্রথম পত্র ছাড়া সব বিষয়ে ফেল করার পরও এই ফল করেছিল। পুনঃনিরীক্ষণের সময় শোভনের তিনটি বিষয়ের জন্য নিরীক্ষণের আবেদন জমা পড়ে এবং তা চেক করতে গিয়ে দেখা যায় প্রকাশিত ফলের নম্বরের সঙ্গে খাতার প্রাপ্ত নম্বরের মিল নেই। তখন এই পরীক্ষার্থীর বাকি খাতাগুলো চেক করে সেগুলোতে অনিয়ম পাওয়া যায়। এই ঘটনায় বোর্ডের পক্ষ থেকে তদন্ত হয় এবং তদন্তের রিপোর্টের প্রেক্ষিতে গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় চারজনকে আসামি করে মামলাও করা হয়। সেই মামলা তদন্তের দায়িত্ব পায় সিআইডি ঢাকার টিম। টিমটি দীর্ঘদিন অনুসন্ধান করে গত বুধবার রাতে শিক্ষা বোর্ডে অভিযান চালিয়ে কম্পিউটার সেন্টারের প্রোগ্রামার আবদুল মালেককে এবং স্ক্যানার বিভাগের দুইজন ফরহাদুল ইসলাম ও শহিদুল আলমকে গ্রেপ্তার করে। গত বৃহস্পতিবার আদালতে নেওয়া হলে সেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয়।

প্রোগ্রামার মালেকই বোর্ডের ‘কালো বিড়াল’ : চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ৩০ হাজার ২১৯ জন পরীক্ষার্থী ছিল এবারের এসএসসি পরীক্ষায়। একজন শিক্ষার্থী ১২টি পত্রে পরীক্ষা দিয়েছে। ১২টি পত্রের জন্য একজন শিক্ষার্থীর দুটি করে কপি (ই টাইপ ও এইচ টাইপ) স্ক্যান করতে হয়েছে। তাহলে একজন শিক্ষার্থীর ১২টি বিষয়ের জন্য স্ক্যান কপির সংখ্যা হবে ২৪টি। ১ লাখ ৩০ হাজার ২১৯ জন পরীক্ষার্থীর স্ক্যান কপি হওয়ার কথা ৩১ লাখ ২৫ হাজার ২৫৬টি। বিশাল এই কাজ করার জন্য বোর্ডের স্থায়ী কর্মকর্তা দুই জন। প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামার। এর মধ্যে এবারের এসএসসি পরীক্ষায় নিজের সন্তান পরীক্ষার্থী ছিল বলে সহকারী প্রোগ্রামার আবুল হাসনাত মোহাম্মদ রাজু ফল তৈরিতে উপস্থিত ছিলেন না। তাহলে ফলাফল তৈরির কাজে নেতৃত্ব দিয়েছেন প্রোগ্রামার আবদুল মালেক। এই মালেকের নেতৃত্বে দৈনিক ভিত্তিতে ১৫ জন কম্পিউটার অপারেটর কাজ করেছেন। এই ১৫ জনের মধ্যে অনেকে আবার দীর্ঘ ১৬ বছর ধরে কাজ করছেন। কিন্তু অপারেটর ও বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, কম্পিউটার সেন্টারের প্রধান হলেন আবদুল মালেক। তার নেতৃত্বেই সব কাজ হয়েছে। এমনকি ফল তৈরির কাজটি তদারকি করতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট এলেও তিনি কম্পিউটারে হাত দেন না। কোনো নির্দেশনা থাকলে প্রোগ্রামার আবদুল মালেককে দিয়ে করান। এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক সম্প্রতি দেশ রূপান্তরকে বলেছিলেন, আমি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল তৈরির জন্য দুই থেকে তিন বার গিয়ে এক বা দুই দিন করে কাজ করে আসি। তারা সব কাজ করে রাখে। আমি শুধু ফলাফল তৈরির ধাপগুলো রি চেক করি। কোনো মেশিনেও আমি বসি না। প্রোগ্রামারই সব কাজ করেন। এ ছাড়া কুমিল্লা বোর্ডের ফলাফল তৈরির পদ্ধতি আর চট্টগ্রাম বোর্ডের পদ্ধতি এক প্রোগ্রামে হয় না। সেজন্য আমি তাদের প্রোগ্রামে হাত দেই না।

তাহলে সহজেই অনুমেয় ফলাফল জালিয়াতির বিষয়টির নির্দেশনা আবদুল মালেক ছাড়া কারও পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, পরীক্ষার্থীর নাম রোল নম্বর না থাকা শুধু লিথু কোড থেকে পরীক্ষার্থী শনাক্ত করা কম্পিউটার সেন্টারের প্রোগ্রামার আবদুল মালেক ছাড়া আর কারও পক্ষে শনাক্ত করা সম্ভব নয়। তাই বোর্ডের কম্পিউটার সেন্টারের ভেতরে ফলাফল জালিয়াতির কাজটি মালেকের মাধ্যমেই হয়েছে। এ জন্যই আমরা মামলার এজাহারভুক্ত আসামি না হওয়া সত্ত্বেও তাকে গ্রেপ্তার করেছি এবং আরও দুইজন স্ক্যানার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এই মামলার অগ্রগতি বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ রাসেল বলেন, ‘আমরা আমাদের তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করছি ফলাফল জালিয়াতির সঙ্গে যারা জড়িত থাকবে তারা আমাদের আওতায় আসবেন।’

বাতিল হবেন দৈনিক ভিত্তিতে থাকা ১৫ অপারেটর : ছয় মাস পর পর বোর্ডের কম্পিউটার সেন্টারে কাজ করা স্ক্যানারদের পরিবর্তন করার বিধান থাকলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে হয়নি। এখানে অনেকে ১৬ বছর ধরেও কাজ করছেন। ২০১০ সালে ৭ জন (জাভেদ শিবলু, জুয়েল, রবি, রুবেল, নোমান, ফারুখ ও কামরুল হাসান) অপারেটরকে ফলাফল স্ক্যান করার জন্য দৈনিক ৮০০ টাকা মজুরিতে নিয়োগ দেওয়া হয়েছিল। এই সাত অপারেটর ২০১৫ সাল পর্যন্ত ফলাফল তৈরির কাজ করলেও ২০১৫ এর পর থেকে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেটের দ্বি-নকল কপি প্রদানের কাজ করে আসছে। ২০১৫ থেকে শিক্ষা বোর্ড দৈনিক ভিত্তিতে আরও ৮ জনকে ( রাশেদুল ইসলাম নাসির, ফরহাদ, শাহীন, মারুফ, রায়হান, ইমতিয়াজ, জিসান ও রাশেদুল হক) পৃথক নিয়োগ দিয়েছে শুধু স্ক্যানিংয়ের কাজগুলোর জন্য। কিন্তু দেশের বোর্ডগুলোতে ৬ মাস পর পর স্ক্যানার পরিবর্তন করা হলেও চট্টগ্রাম বোর্ডে তা হয়নি। এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, ‘আমরা শিগগিরই একজন সহকারী প্রোগ্রামার নিয়োগ দিয়ে দেব। বুয়েটের সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত কথা হচ্ছে। এ ছাড়া স্ক্যানার (কম্পিউটার অপারেটর) নিয়োগের জন্য প্যানেলভুক্ত করতে ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আমরা পুরনোদের পরিবর্তে নতুন অপারেটর নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীর ফলাফল জালিয়াতির পর বোর্ডের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল গত ২৫ আগস্ট। বোর্ড চেয়ারম্যানের আদেশক্রমে উপসচিব স্বাক্ষরিত সেই চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা ২০২৬ এর উত্তরপত্রের প্রিন্ট এর সঙ্গে উত্তরপত্রে প্রাপ্ত নম্বরের গরমিল এর বিষয়ে বোর্ড সচিবকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হলো। এই কমিটি রিপোর্ট দেওয়ার পর গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় পরীক্ষার্থী হাসিবুল আলী শোভন ও তিনজন স্ক্যানার (ইমতিয়াজ আহমেদ চৌধুরী, মোহাম্মদ রাশেদুল ইসলাম ও নূর হোসেন রায়হান) কে আসামি করে মামলা দায়ের করেন বোর্ড সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন। এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোজাম্মেল হক বলেন, ‘গত এক সপ্তাহ আগে মামলাটি তদন্তের জন্য ঢাকার সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে।’ বর্তমানে সিআইডি তা তদন্ত করে এজাহারের বাইরে তিনজনকে আটক করল।

সর্বশেষ সর্বাধিক পঠিত