আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আইনগত পদক্ষেপের বিষয় বিবেচনাধীন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ ছাড়া আওয়ামী লীগের বিরুদ্ধে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় পৃথক কোনো ট্রাইব্যুনাল বিচারের আয়োজন করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এর আইনগত বিষয় খতিয়ে দেখা হবে।
গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না এমন প্রশ্নে অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, এ বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে গোপালগঞ্জসহ সারা দেশে হামলার বিচারে আলাদা কোনো ট্রাইব্যুনাল গঠন হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, আইনগত দিকগুলো আমরা খতিয়ে দেখছি। যেটা আইনি প্রক্রিয়া পারমিট করে, আমরা সেই পথে এগোব।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অধস্তন আদালতে ৬০০-এর বেশি মামলা রয়েছে। মাত্র একটিতে অভিযোগপত্র দাখিল হয়েছে। সেক্ষেত্রে তার মামলাগুলোর বিচারে আলাদা কোনো ট্রাইব্যুনাল হবে কি না এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, একজনের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন নেই। আইনি প্রক্রিয়ায় চলবে। যতগুলো আদালতে মামলা হয়েছে, যতগুলো জুরিসডিকশন আছে, ততগুলোর বিচার হবে।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জেন-জি প্রজন্ম যে সাহসী ভূমিকা রেখেছে, তা জাতি আজীবন স্মরণে রাখবে। ২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্র ২০-২১ দিনের আন্দোলনে তরুণরা রাজপথে যে সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে, তা অনন্য। এ আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ দিয়েছেন। প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন। আবু সাঈদ, মুগ্ধ ও আনাসের মতো তরুণদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, এত মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে।
রংপুরে মীর শাহে আলম
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধন করার দরকার হলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সেটি করবে। পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব। তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই।’
গতকাল শনিবার দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ নামে উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে প্রমাণ করেছে, তারা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন। তারা বাংলাদেশকে অন্য কোনো দেশের তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের সেই সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাঁবেদারি করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল ও মাথা উঁচু করে দাঁড়ানো রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।’
তিনি বলেন, ‘দু-একটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা ভেবেছে, আবারও ফ্যাসিবাদী শাসন কায়েম করবে। সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। বিগত অন্তর্বর্তী সরকার তাদের যে নিষিদ্ধ করেছিল, তাদের বর্তমান কর্মকা-েই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হচ্ছে। বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এর অর্থ এই নয় যে, সরকার দুর্বল।’
মীর শাহে আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের আত্মত্যাগ ও স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করা হলো। এই স্টেডিয়াম শুধু একটি ক্রীড়া স্থাপনা হিসেবে নয়; বরং সাহস, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেও পরিচিত হোক।
প্রতিমন্ত্রী শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তার দুই ভাইকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামের উদ্বোধন করেন। রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজনের উপযোগী পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় উন্নয়নকাজ করা হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সারা দেশে অগ্নিসংযোগ বা সহিংসতা চলছে না। একটি নির্দিষ্ট জেলায় বিচ্ছিন্নভাবে সহিংসতার ঘটনা ঘটছে। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে স্থানীয় বিএনপি রেজ্যুলেশনের মাধ্যমে প্রার্থীকে সমর্থন দিতে পারবে। সে ক্ষেত্রে দলের সিদ্ধান্ত ও সমর্থনের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে স্থানীয় বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশিদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোজাম্মেল হক, বিএনপি নেতা এমদাদুল হক ভরসা, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।