বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। এর মধ্যে বিশেষ জরুরি প্রয়োজনে ১০টি সার্ভিস ট্রলারে করে সাড়ে চারশ স্থানীয় বাসিন্দা ও পর্যটক টেকনাফে ফিরেছেন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১১টার মধ্যে সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলারগুলো টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটের উদ্দেশে ছেড়ে যায়। অসুস্থতা, আর্থিক সংকট ও জরুরি প্রয়োজনে দ্বীপ ছাড়তে আগ্রহীদের বিবেচনায় নিয়ে এই বিশেষ ব্যবস্থা করা হয়।
গত বুধবার কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চএই চারটি জাহাজে করে পর্যটকরা সেন্টমার্টিনে এসেছিলেন। পরে আবহাওয়ার অবনতি ও সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি হলে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেশনাফ-সেন্টমার্টিনসহ সংশ্লিষ্ট সব নৌপথে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে দ্বীপে ভ্রমণরত প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন।
আটকেপড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে মানবিক উদ্যোগ নিয়েছেন দ্বীপের হোটেল ব্যবসায়ীরা। অনেক হোটেলে কক্ষ ভাড়া ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে, আবার কিছু হোটেলে পর্যটকদের বিনামূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে।
এদিকে, নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত দিন অবস্থানের জন্য বাজেট শেষ হয়ে যাওয়াসহ নানা ভোগান্তির কথা জানিয়েছেন আটকা পড়া পর্যটকরা। ভ্রমণের জন্য নির্ধারিত বাজেট ফুরিয়ে যাওয়া এবং ফিরতি পরিবহনের অগ্রিম টিকিট বাতিল হওয়ায় অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই যেকোনো উপায়ে অনেকেই দ্বীপ ছাড়তে জেটিঘাটে ভিড় করেন।
পর্যটকরা জানান, জরুরি অফিসের কাজ ও আর্থিক সংকটের কারণে ঝুঁকি জেনেও ট্রলারে ফিরতে বাধ্য হচ্ছেন। তবে হোটেল মালিকদের ভাড়া ছাড় ও প্রশাসনের নিয়মিত খোঁজখবরে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন দ্বীপে অবস্থানরতরা। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, দ্বীপে আটকা পড়া পর্যটকরা নিরাপদে ও স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
দ্বীপ থেকে ফিরতে আগ্রহী অনেক পর্যটক সেন্টমার্টিন জেটিঘাটে ভিড় করলেও বৈরী আবহাওয়ার কারণে প্রশাসন সবাইকে ট্রলারে যাতায়াতের অনুমতি দেয়নি। সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলেই জাহাজ চলাচল শুরু হবে এবং সবাইকে নিরাপদে ফিরিয়ে আনা হবে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী জানান, বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে যাদের বিশেষ জরুরি প্রয়োজন রয়েছে বা যারা আর্থিক সংকটে পড়েছেন, এমন কিছু পর্যটককে সার্ভিস ট্রলারে করে টেকনাফে ফিরিয়ে আনা হচ্ছে। দ্বীপে অবস্থানরতদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে বলেও তিনি জানান।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, আগামীকাল থেকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে পারে। বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে আজ থেকেই পুনরায় জাহাজ চলাচল শুরু হতে পারে।