পরস্পরের সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে গড়ে ওঠে সুন্দর মানবিক সমাজ। একজনের বিপদে অন্যজন এগিয়ে আসবে, একজনের কষ্টে অন্যজন ব্যথিত হবে, অসহায় মানুষের পাশে সামর্থ্যবান ব্যক্তি দাঁড়াবে, এটাই মানবিক সমাজের বৈশিষ্ট্য। কিন্তু বর্তমান সময়ে মানুষের মধ্যে সহমর্মিতার ঘাটতি ক্রমেই স্পষ্ট হচ্ছে। চারপাশে অনেক মানুষ বিপদে পড়ছেন, অথচ তাদের কষ্ট দেখে এগিয়ে আসার মানুষের সংখ্যা তুলনামূলক কম। ব্যক্তিস্বার্থ, আত্মকেন্দ্রিকতা, অর্থের প্রতি অতিরিক্ত মোহ এবং সামাজিক সম্পর্কের দূরত্ব মানুষের হৃদয় থেকে অন্যের প্রতি অনুভূতি কমিয়ে দিচ্ছে। অথচ ইসলাম মানুষের প্রতি দয়া, ভালোবাসা ও সহমর্মিতাকে ইমানি গুণ হিসেবে বিবেচনা করেছে।
সহমর্মিতা হলো অন্যের কষ্ট, দুঃখ ও প্রয়োজন অনুভব করার মানসিকতা। এর অর্থ শুধু কারও প্রতি দয়া প্রকাশ করা নয়, বরং তার অবস্থাকে উপলব্ধি করা এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, অসুস্থ ব্যক্তির খোঁজ নেওয়া, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, এতিম ও অসহায় শিশুর প্রতি স্নেহশীল হওয়া, এমনকি কারও দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনাও সহমর্মিতার অন্তর্ভুক্ত।
ইসলাম মানুষের মধ্যে এই গুণ প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয়স্বজনকে দানের নির্দেশ দেন।’ (সুরা নাহল ৯০)
সমাজে সহমর্মিতা কমে যাওয়ার অন্যতম কারণ আত্মকেন্দ্রিকতা। অনেক মানুষ এখন নিজের প্রয়োজন, স্বাচ্ছন্দ্য ও সাফল্য নিয়েই বেশি ব্যস্ত। অন্যের কষ্ট উপলব্ধি করার মতো মানসিক অবকাশ তারা পান না। নিজের পরিবার ও স্বার্থের বাইরে অন্য মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিতে চান না। ফলে সামাজিক বন্ধন দুর্বল হচ্ছে।
অর্থ ও সম্পদের প্রতি অতিরিক্ত মোহও সহমর্মিতা কমিয়ে দিচ্ছে। মানুষ যখন সম্পদ অর্জনকেই জীবনের প্রধান লক্ষ্য বানিয়ে ফেলে, তখন অন্যের অভাব ও অসহায়ত্ব তার কাছে গুরুত্ব হারায়। কে কত সম্পদের মালিক, কার জীবনযাপন কত উন্নত, এসব নিয়ে প্রতিযোগিতা বাড়ছে। অথচ মানুষের প্রকৃত মর্যাদা সম্পদের পরিমাণে নয়, বরং তার চরিত্র ও কর্মে।
সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারও মানুষের পারস্পরিক সম্পর্কের ওপর প্রভাব ফেলছে। ভার্চুয়াল জগতে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ
থাকলেও বাস্তব জীবনে প্রতিবেশী কিংবা আত্মীয়ের খোঁজ নেওয়ার অভ্যাস কমছে। অন্যের বিপদের খবর দেখে অনেকে মন্তব্য করেন, দুঃখ প্রকাশ করেন, কিন্তু বাস্তবে সহযোগিতার জন্য এগিয়ে আসেন না।
এ ছাড়া হিংসা, বিদ্বেষ, অহংকার, প্রতিহিংসা ও পরনিন্দার চর্চা মানুষের হৃদয়কে কঠিন করে তোলে। অন্যের সাফল্যে ঈর্ষা এবং ব্যর্থতায় আনন্দিত হওয়ার প্রবণতা সহমর্মিতার পরিপন্থী। সামাজিক বৈষম্যও এর একটি বড় কারণ। ধনী-গরিবের ব্যবধান বাড়লে অনেক সময় অসচ্ছল মানুষের প্রতি অবহেলা তৈরি হয়।
ইসলাম মানুষের প্রতি দয়া ও সহমর্মিতাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।’ (সহিহ বুখারি) এ হাদিসে মানুষের প্রতি দয়া প্রদর্শনকে আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম হিসেবে তুলে ধরা হয়েছে।
অন্যের কষ্ট অনুভব করার বিষয়ে রাসুলুল্লাহ (সা.) মুমিনদের একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, ‘মুমিনদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির দৃষ্টান্ত একটি দেহের মতো। যখন তার একটি অঙ্গ অসুস্থ হয়, তখন শরীরের সব অঙ্গ জ্বর ও অনিদ্রায় আক্রান্ত হয়।’ (সহিহ বুখারি)
এই হাদিসের শিক্ষা হলো, একজন মুমিন অন্য মুমিনের দুঃখ-কষ্ট থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারেন না। সমাজের কোনো মানুষ অভাব, অসুস্থতা কিংবা বিপদে পড়লে অন্যদেরও তার প্রতি দায়িত্বশীল হতে হবে।
পবিত্র কোরআনে অসহায় মানুষের প্রতি সহযোগিতার নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ‘তারা আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত, এতিম ও বন্দিকে খাবার দান করে।’ (সুরা দাহর ৮)
এই আয়াতে মানুষের প্রতি নিঃস্বার্থ সহযোগিতার অনন্য দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে খাবার দেওয়া সহমর্মিতার উচ্চতর প্রকাশ।
ইসলাম শুধু অর্থসম্পদ দিয়ে সহযোগিতা করাকেই সহমর্মিতা মনে করে না। সুন্দর কথা বলা, বিপদগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া, অসুস্থ ব্যক্তির সেবা করা, ঋণগ্রস্ত মানুষকে সময় দেওয়া এবং মানুষের ভুল ক্ষমা করাও এর অন্তর্ভুক্ত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব দুঃখ-কষ্ট দূর করবে, আল্লাহ কেয়ামতের দিন তার দুঃখ-কষ্ট দূর করবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের জন্য সহজ করে দেবে, আল্লাহ তার জন্য দুনিয়া ও আখেরাতে সহজ করে দেবেন।’ (সহিহ মুসলিম)
সহমর্মিতা প্রতিষ্ঠার জন্য বড় কোনো উদ্যোগের অপেক্ষা করতে হয় না। প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্য দিয়েই এই গুণের চর্চা করা সম্ভব। প্রতিবেশীর খোঁজ নেওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনায় সহযোগিতা করা, বৃদ্ধ মানুষের প্রয়োজন পূরণ করা এবং বিপদগ্রস্ত পরিবারকে সহায়তা করা এর বাস্তব উদাহরণ।
পরিবার থেকেই সহমর্মিতার শিক্ষা শুরু হওয়া প্রয়োজন। সন্তানদের ছোটবেলা থেকে অসহায় মানুষের প্রতি দায়িত্বশীল হতে শেখাতে হবে। তাদের বোঝাতে হবে, নিজের ভালো থাকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্যের ভালো থাকার প্রতিও দায়িত্ব রয়েছে। পাশাপাশি মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে মানবিক মূল্যবোধ গড়ে তোলার কাজে ভূমিকা রাখতে হবে।
একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য আইন, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধের বিকাশও জরুরি। মানুষের মধ্যে দয়া, ভালোবাসা ও দায়িত্ববোধ না থাকলে সামাজিক উন্নয়ন পূর্ণতা পায় না। সহমর্মিতা মানুষকে স্বার্থপরতা থেকে দূরে রাখে এবং পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে।
ইসলাম এমন একটি সমাজ গড়তে চায়, যেখানে অসহায় মানুষ অবহেলিত হবে না, প্রতিবেশী বিপদে একা থাকবেন না এবং কারও অভাব অন্যের উদাসীনতার কারণে আরও বাড়বে না। তাই প্রত্যেকের উচিত নিজের আচরণে সহমর্মিতার চর্চা করা।
লেখক : ধর্মীয় নিবন্ধকার