নাশকতার প্রস্তুতি, টেকনাফে শতাধিক আইইডি উদ্ধার

‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আমরা সেই পরিকল্পনা নস্যাৎ করতে সক্ষম হয়েছি।’

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিস্ফোরক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে যানবাহনগুলোর দুই চালককে।
 

রবিবার (২২ নভেম্বর) সকালে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযান ও উদ্ধার করা সামগ্রীর তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু সেক্টরের অধীন ২ বিজিবির একটি বিশেষ দল টেকনাফে অভিযান পরিচালনা করে। এ সময় শতাধিক আইইডি, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া আইইডি তৈরিতে ব্যবহৃত স্টিলের বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

অভিযানের বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আমরা সেই পরিকল্পনা নস্যাৎ করতে সক্ষম হয়েছি।’

তিনি আরও জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, চক্রটি প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্র ও বিস্ফোরক অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত