কক্সবাজারের টেকনাফের শিলখালীর সংরক্ষিত বন থেকে শরীরে আটটি গুলির চিহ্নসহ একটি হাতি উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।
এ দাবিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে বেলা।
একই সঙ্গে আহত হাতিটির উন্নত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে পরিবেশবাদী সংস্থাটি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংরক্ষিত বনাঞ্চলে নজরদারি বাড়ানো এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলারও দাবি জানিয়েছে তারা।