হালি উৎসবে ২৭ বছর পর চেলসির মাঠে জিতল লিডস 

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

শুরুতে এগিয়ে গিয়েও ঘরের মাঠে লিডস ইউনাইটেডের কাছে ৪-১ গোলের লজ্জাজনক হারে প্রিমিয়ার লিগে গভীর সংকটের মুখে পড়েছে জাবি আলোনসোর চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ড্যানিয়েল ফার্কের শিষ্যদের দাপুটে ফুটবলের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে স্বাগতিকেরা, যা ১৯৯৯ সালের ডিসেম্বরের পর অর্থাৎ দীর্ঘ ২৭ বছর পরচেলসির মাঠে লিডসের প্রথম লিগ জয়। 

এই হারে ১১ লিগ ম্যাচে পঞ্চম হারের তিক্ত স্বাদ নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে নেমে গেছে ব্লুজরা, যেখানে চেলসির চেয়ে কম ম্যাচ হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেডও (ম্যান ইউ হেরেছে ৪ ম্যাচ আর চেলসি এই ম্যাচ নিয়ে হারল ৫টিতে); অন্যদিকে ছয়ে উঠে এসেছে লিডস।

চোটের কারণে আগে থেকেই স্ট্রাইকার জোয়াও পেদ্রো ও ডিফেন্ডার ম্যাক্সেন্স ল্যাক্রোইক্সকে না পাওয়া চেলসির জন্য ম্যাচের ২২তম মিনিটে মিডফিল্ডার মইসেস কাইসেদোর পিঠের চোটে মাঠ ছাড়াটা বড় ধাক্কা হয়ে আসে। জেমস জাস্টিনের সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে কাইসেদো উঠে যাওয়ার পর জর্ডান হেন্ডারসন নামলেও মাঝমাঠের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্বাগতিকেরা। 

এর আগে ২৫তম মিনিটে জাস্টিনের ভুলের সুযোগ নিয়ে মরগান রজার্সের বাড়ানো বলে প্রথমবার মূল একাদশে নামা ফরোয়ার্ড ইমানুয়েল এমেঘা দারুণ ফিনিশিংয়ে চেলসিকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ; ২৮তম মিনিটে ওয়েসলি ফোফানার দুর্বল হেড ও জশ অ্যাচেম্পংয়ের ভুলে বল পেয়ে ডমিনিক ক্যালভার্ট-লুইন পাস বাড়ান নোয়াহ ওকাফরকে, আর ভেতরে ঢুকে নিচু শটে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে লিডসকে সমতায় ফেরান সুইস এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পুরোপুরি একতরফা করে ফেলে লিডস, যেখানে চেলসির গোলমুখে মোট ২১টি শট নেয় তারা। বিরতির আট মিনিট পর (৫৩তম মিনিটে) মরগান রজার্সের বিতর্কিত হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে গোল করে সফরকারীদের এগিয়ে দেন মৌসুমে নিজের ষষ্ঠ গোল করা ক্যালভার্ট-লুইন। 

এর পাঁচ মিনিট পরই (৫৮তম মিনিটে) চেলসির ছন্নছাড়া রক্ষণের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ওকাফর। আর যোগ করা সময়ে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ব্রেন্ডেন অ্যারনসন চতুর্থ গোলটি করলে স্ট্যামফোর্ড ব্রিজ জুড়ে সমর্থকদের দুয়োধ্বনির মুখে পড়ে চেলসি। 

এই হারে ৬৭ বছরের মধ্যে প্রথমবার একই মৌসুমে ঘরের মাঠে লিডস ও টটেনহ্যাম, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কাছেই হারল চেলসি; পাশাপাশি ১১ ম্যাচে ২০ গোল হজম করে লিগের অন্যতম দুর্বল রক্ষণের তকমাও জুটল তাদের কপালে (তাদের চেয়ে বেশি গোল খেয়েছে কেবল ক্রিস্টাল প্যালেস, ইপসউইচ ও কভেন্ট্রি)।

দলের এমন ভঙ্গুর দশার পাশাপাশি মাঠের ভেতরেও অস্থিরতা স্পষ্ট হয়ে ওঠে। ম্যাচ শেষে সমর্থকদের অভিবাদন জানানোর অনুরোধ করলে কোচিং স্টাফ উইলি ইসার সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন কোল পালমার। এমনকি এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডি চেলসির অংশীদারিত্ব কেনার যে গুঞ্জন উঠেছিল, দলের এমন বেহাল দশা দেখে সহ-মালিক বেহদাদ এঘবালির সঙ্গে তাঁর সেই বিনিয়োগ নিয়েও হয়তো নতুন করে ভাবতে হবে। 

ম্যাচ শেষে সংবাদমাধ্যমে দলের মানসিকতা ও কাইসেদোর চোট নিয়ে অকপটে নিজের হতাশা প্রকাশ করেন চেলসি কোচ জাবি আলোনসো, ‘আমরা একটি ভঙ্গুর সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের আরও কঠোর হতে হবে, এই প্রতিযোগিতায় এটি বাধ্যতামূলক। মইসেসকে হারানোর পর আমরা পুরোপুরি ছন্দ হারিয়ে ফেলি। ততক্ষণ পর্যন্ত আমরা ঠিকঠাক খেলছিলাম, কিন্তু ওই মুহূর্ত থেকেই ওরা বিশ্বাস করতে শুরু করে আর আমাদের বিশ্বাস ভেঙে যায়। এরপর আমরা আর ভালো ছন্দে ফিরতে পারিনি এবং চাপ সামলাতে পারিনি; সবকিছু পুরোপুরি বদলে যায়।’

নিউক্যাসলের বিপক্ষে আর্সেনালের হোঁচট

প্রিমিয়ার লিগের শীর্ষে আট পয়েন্টের ব্যবধান গড়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেডের দুর্দান্ত প্রত্যাবর্তনের মুখে পড়ে ২-২ গোলে ড্র করেছে মিকেল আর্তেতার দল। প্রথমার্ধে আধিপত্য দেখিয়ে ৩৩তম মিনিটে লুইস হলের ভুলের সুযোগ নিয়ে কাই হাভার্টজের বাড়ানো পাস থেকে ইবেরেচি এজের জোরালো শটে এগিয়ে গিয়েছিল গানাররা। বিরতিতে দর্শকদের দুয়োধ্বনি শোনা ম্যাথিয়াস জাইসলের নিউক্যাসল দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯তম মিনিটে) মার্টিন ওডেগার্ডের ভুলের সুযোগে উইলিয়াম ওসুলার পাস থেকে হার্ভি বার্নসের গোলে সমতা ফেরায়।

৬২তম মিনিটে কর্নার থেকে ড্যান বার্নের হেড আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে খুব কাছ থেকে বল জালে জড়িয়ে নিউক্যাসলকে এগিয়ে দেন মালিক থিয়াও; আর ওই মুহূর্তেই হাতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় রায়াকে, তাঁর বদলি হিসেবে নামেন কেপা আরিজাবালাগা। 

ম্যাচের ৭৮তম মিনিটে গোলকে দলকে হারের মুখ থেকে বাঁচান ননি মাদুয়েকে, ছবি: সংগৃহীত

পিছিয়ে পড়েও অবশ্য হার মানেনি আর্সেনাল। ৭৮তম মিনিটে নিজের আগের ভুলের প্রায়শ্চিত্ত করে ওডেগার্ড বল বাড়ান বুকায়ো সাকার অনুপস্থিতিতে দারুণ ফর্মে থাকা ননি মাদুয়েকেকে, আর তাঁর বাঁ পায়ের বাঁকানো ও ডিফ্লেক্টেড শট গোলরক্ষক লুকাস হর্নিচেককে ফাঁকি দিলে এক পয়েন্ট নিশ্চিত হয় সফরকারীদের। 

এই ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনাল দ্বিতীয় স্থানে থাকা ব্রাইটন ও তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে রইল, যদিও আজ হাল সিটিকে হারাতে পারলে ব্যবধান তিনে নামিয়ে আনবে ব্রাইটন।

সর্বশেষ সর্বাধিক পঠিত