রাজনৈতিক অস্থিরতা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ও ডলারের ঊর্ধ্বগতিসহ নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছে ব্যবসা-বাণিজ্য। এসব সংকটের মধ্যেও চলতি শীত মৌসুমে ভালো ব্যবসার প্রত্যাশায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর ব্যবসায়ীরা।
কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর কয়েকটি কারখানা ঘুরে দেখা যায়, শীতের পোশাক তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও কারিগরেরা।
তবে বিভিন্ন সংকটের কারণে কাপড় ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় পোশাকের ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। এ কারণে তারা গত বছরের তুলনায় এবার পোশাক উৎপাদন ও আমদানি কমিয়েছেন।
কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর আগানগর ও শুভাঢ্যা এলাকায় ছোট-বড় প্রায় ১০ হাজার শোরুম রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি পোশাক কিনতে ক্রেতারা এখানে আসেন। ব্যবসায়ীদের দাবি, দেশের তৈরি পোশাকের ৭০ শতাংশ সরবরাহ করেন তারা।
গার্মেন্টস পল্লীর কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায়, এরই মধ্যে বিভিন্ন শোরুমে জায়গা করে নিয়েছে বাহারি শীতের পোশাক। নানা নকশা, রং ও মাপের পোশাকে সাজানো হয়েছে দোকানগুলো। মান ভালো হওয়ায় সারা দেশে এখানকার পোশাকের চাহিদা রয়েছে। দেশীয় পোশাকের পাশাপাশি বিদেশ থেকেও পণ্য সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা।
বিদেশি পোশাকের আমদানিকারক জাহাঙ্গীর হাসান বলেন, প্রতিবছর আমদানি খরচ বাড়ছে। ব্যয় বেড়ে যাওয়ায় এবার আমদানির পরিমাণ কমিয়েছেন তিনি। দিন দিন ব্যবসা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠছে। এখনো শীতের পোশাকের বেচাকেনা শুরু হয়নি। কয়েক দিনের মধ্যেই তা শুরু হবে বলে আশা করছেন তিনি। তার ভাষ্য, শীতের ব্যবসা ভালোভাবে করতে না পারলে টিকে থাকাই কঠিন হয়ে পড়বে।
ব্যবসায়ী জামাল বলেন, শীত মৌসুম কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর তিনটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মৌসুমের একটি। এ সময়কে ঘিরে ব্যবসায়ীরা বড় ধরনের প্রস্তুতি নেন। তবে এখনো শীতের পোশাকের ক্রেতারা আসতে শুরু করেননি। আগামী এক-দুই দিনের মধ্যে ক্রেতাদের ভিড় বাড়বে বলে আশা করছেন তিনি।
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি হাজী আনোয়ার হোসেন বলেন, শীত এখনো সেভাবে পড়েনি। এ কারণে ক্রেতাদের আনাগোনাও শুরু হয়নি। চলতি সপ্তাহ থেকে শীত বাড়তে শুরু করলে কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীতে প্রচুর ক্রেতার সমাগম হবে বলে আশা করছেন তিনি।