রাজধানীতে কবি নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ককটেল বিস্ফোরণের পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
তাকে হাসপাতালে নিয়ে আসা তার বড় ভাই আলমগীর হোসেন জানান, জাহাঙ্গীরের বাসা লালবাগ এলাকায়। কবি নজরুল কলেজে পার্টটাইম মালি হিসেবে কাজ করেন তিনি। সন্ধ্যায় কলেজের গেটের সামনে দাঁড়িয়ে সেখানকার এক দারোয়ানের সাথে কথা বলছিলেন তিনি। এসময় উপর থেকে একটি ককটেল এসে তার মাথার উপর পড়ে। এতে তার মাথা ও চোখে গুরুতর জখম হয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো হাবিবুর রহমান জানান, ওই ব্যক্তির মাথায় ও চোখে আঘাত লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে বলে জানান তিনি।