ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, যা জানা গেল

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

ফেনীর সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে ভুল ও অপচিকিৎসার শিকার হয়ে দীর্ঘ ১৫ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেলেন গৃহবধূ কামরুন নাহার (৩২)।

রবিবার (২২ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই সাংবাদিক মাহফুজুল হক।

স্বজনদের অভিযোগ, ফেনীর সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিষ্ট হাসপাতালে গর্ভপাত-পরবর্তী চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসক ডা. কুলসুম আক্তার সুবর্ণার ভুল চিকিৎসা জরায়ু ফুটো হয়ে ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে ভয়াবহ শারীরিক জটিলতার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে থানায় ও সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

স্বজনদের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কামরুন নাহারের প্রায় তিন মাসের গর্ভাবস্থা নষ্ট (মিসক্যারেজ) হলে ডা. ফাহমিদা ইয়াসমিনের পরামর্শ অনুযায়ী গত ৬ নভেম্বর গর্ভপাত-পরবর্তী চিকিৎসার জন্য তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় জোসনারা বেগম নামে এক দালাল রোগীর স্বামী মো. রহিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে তাদের আত্মীয়ের শেয়ার রয়েছে এবং ডা. মামুন তাদের পরিচিত ও মেডিসিন চিকিৎসক বলে জানান। তাদের কথায় আশ্বস্ত ও প্রলোভনে পড়ে ফেনী সদর হাসপাতাল থেকে রোগীকে সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে নেওয়া হয়। ওই দিন দুপুর আনুমানিক ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে আলট্রাসনোগ্রাম করার পরপরই কামরুন নাহারকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে হাসপাতালের চিকিৎসক কুলসুম আক্তার সুবর্ণা কী ধরনের চিকিৎসা ও কী ধরনের অস্ত্রোপচার করেছেন সে বিষয়ে স্বজনদের যথাযথভাবে কিছু জানানো হয়নি।
পরদিন ৭ নভেম্বর সকালে কামরুন নাহারের পেট হঠাৎ করে অস্বাভাবিকভাবে ফুলে যায়। বিষয়টি হাসপাতালের চিকিৎসক কুলসুম নাহার সুবর্ণাকে জানানো হলে তিনি দেখবেন বলে বিষয়টি এড়িয়ে যান। পরে আবারও রোগীর আলট্রাসনোগ্রাম করা হয়। আলট্রাসনোগ্রামের রিপোর্ট নিয়ে দুপুরে ডা. মামুনের কাছে গেলে তিনি বিস্তারিত কোনো কিছু না বলে রোগীকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ রবিউল নামে এক ব্যক্তিকে তাদের সঙ্গেও পাঠান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর সেখানকার চিকিৎসকরা স্বজনদের জানান, চিকিৎসক কুলসুম নাহার সুবর্ণার ভুল চিকিৎসায় রোগীর জরায়ু ফুটো হয়ে গেছে ও রোগীর পায়ুপথের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ফুসফুসে পানি জমা, পেটে রক্ত ছড়িয়ে পড়া, খাদ্যনালিতে সংক্রমণ এবং কিডনিতে সংক্রমণের লক্ষণ পাওয়া গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগে উল্লেখ করা হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

পরিবারের অভিযোগ অনুযায়ী, ৭ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৯ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ডা. মামুনের পরামর্শে ১৫ নভেম্বর তাকে পার্কভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কামরুন নাহার।

স্বজনদের দাবি, সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতালে ভুল চিকিৎসার কারণে এবং কর্তৃপক্ষের গুরুতর অবহেলা, দায়িত্বহীনতার কারণেই কামরুন নাহার এমন ভয়াবহ শারীরিক জটিলতার মধ্যে পড়েছেন। কামরুন নাহারের জীবন চরম ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি পরিবারটি আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের প্রতিদিন ৭০ থেকে ৮০ হাজার টাকা চিকিৎসাসেবায় ব্যয় করতে হচ্ছে।

কামরুন নাহারের স্বামী রহিম উদ্দিন বলেন, ‘ডিঅ্যান্ডসি করতে গিয়ে তার জরায়ু ফুটো হয়ে যায় বলে আমরা জানতে পারি। অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’

এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক কুলসুম নাহার সুবর্ণার সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোনের সংযোগ লাইন কেটে বন্ধ করে দেন। স্থানীয়রা বলছেন, তিনি এই ঘটনার পর থেকে হাসপাতাল ত্যাগ করে আত্মগোপনে রয়েছেন।

সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালিস্ট হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপক কে এম ইসলামুল হক জানান, আমাদের এখানে তো কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল না। আমরা সফল ভাবে রোগীর ডিএন্ডসি সম্পূর্ণ করেছি । রোগী বাড়িতে গিয়ে পরবর্তীতে ব্যাথা অনুভব করেন।

তিনি আরও জানান, আমাদের চিকিৎসাসেবা যথাযথ ছিল এবং এ ধরনের কোনো জটিলতার তথ্য তাদের কাছে নেই। চট্টগ্রাম পার্কভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ জানান, রোগীর  অস্ত্রোপচারে ত্রুটি ছিল।

ফেনী জেলা সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হবে। যথাযথ তদন্তের মাধ্যমে   আমরা জানার চেষ্টা করবো ঘটনাটি আসলে কী ঘটেছে। অতি দ্রুততম সময়ে আমরা অভিজ্ঞ ডাক্তার দিয়ে তদন্ত কমিটি গঠন করবো যাতে করে ভালোভাবে এবং সঠিক তথ্য বের হয়ে আসে। আশা করছি দ্রুতই আপনারা জানতে পারবেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম জানান, হাসপাতালে ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলায় রোগী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত