পঞ্চগড় সীমান্তে ৬৪০০ পিস নেশা জাতীয় ট্যাবলেটসহ আটক ২

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

পঞ্চগড় সীমান্ত থেকে মাদক চোরাকারবারীসহ ৬ হাজার ৪শ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।

ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে আসছে।

রবিবার (২২ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় পঞ্চগড়ের  বোদা উপজেলার বড়শশী বিওপির টহল দল হাবিলদার মমিনুর রহমানের নেতৃত্বে চটিপাড়া স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত পিলার ৭৭৬/এমপি থেকে ৮শ গজ দুরে বাংলাদেশের অভ্যন্তরে চটিপাড়া  নামক স্থানে মাদক চোরকারবারী রাশেদ (২৬) ও বোরহানকে (১৭) আটক করে। রাশেদ আব্দুস সাত্তারের ছেলে ও বোরহান শাহ আলমের ছেলে। তাদের বাড়ি বোদা উপজেলার বগদুলঝুলা নুরপাড়ায়।

তাদের কাছ থেকে ৬ হাজার ৪শ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি পালসার পুরাতন মোটর সাইকেল আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮শ টাকা দেখানো হয়েছে। 

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত ব্যক্তিরা কোমরে স্কচটেপ পেঁচিয়ে এবং মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি চালিয়ে ওই ট্যাবলেট উদ্ধার করা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়। মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তবে বিজিবির তৎপরতা ও গোয়েন্দা নজরদারির কারণে তাদের এসব অপচেষ্টা প্রতিহত করা সম্ভব হচ্ছে।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদজানান, সীমান্ত এলাকায় যে কোন ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাশাশি অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত দিয়ে মানব পাচার, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে।

দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
 

সর্বশেষ সর্বাধিক পঠিত