সাদপন্থিদের ইজতেমার দ্বিতীয় দিন

পঞ্চগড়ে ইজতেমা বন্ধের দাবিতে জুবায়ের পন্থিদের সড়ক অবরোধ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

পঞ্চগড় চিনিকল মাঠে তাবলীগ জামায়াতের সাদপন্থিদের ইজতেমা বন্ধের দাবিতে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জুবায়ের পন্থি হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ঈমান-আকিদা রক্ষা কমিটি।

প্রায় দুই ঘণ্টা অবরোধের পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে রাত ১০ টার মধ্যে ইজতেমা বন্ধ না করলে আবারও মহাসড়ক অবরোধের হুশিয়ারী দেন তারা। রাত সাড়ে ৮ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ইজতেমা মাঠে বয়ান চলছিল। এ ঘটনায় শহরে উভয় পক্ষের মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড় চিনিকল মাঠে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়। সাদ অনুসারীদের আয়োজনে এ ইজতেমা বন্ধের দাবিতে এর আগে গত ৯ নভেম্বর সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ঈমান-আক্বিদা রক্ষা কমিটি। তারা ইজতেমা আয়োজন বন্ধে প্রশাসনের কাছেও দাবি জানায়।

এরই মধ্যে জেলা প্রশাসন ১৯ ও ২০ নভেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার চিনিকল মাঠে ইজতেমার অনুমতি দেয় এবং শুক্রবার জুমার নামাজের পর ইজতেমার কার্যক্রম বন্ধের কথা বলা হয়। কিন্ত শুক্রবার বিকেল পর্যন্ত ইজতেমা কার্যক্রম চলমান থাকায় বিকাল সাড়ে পাঁচটার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ের পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা ইজতেমা মাঠের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের পুলিশ বাধা দেয়।

এদিকে অবরোধের কারণে পঞ্চগড় শহরের গুরুত্বপূর্ণ চৌরঙ্গী মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস, ট্রাক, পণ্যবাহী যানবাহনসহ বিভিন্ন পরিবহন আটকে পড়ে সড়কের দুই পাশে। এতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। চরম ভোগান্তিতে পড়েন জরুরি কাজে বের হওয়া মানুষ। পরে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। দুই ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু করে।

অন্যদিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিকেলে ইজতেমার মঞ্চে বক্তব্য দিয়ে মাগরিবের  নামাজের পর মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ করার আহ্বান জানান। প্রতিমন্ত্রীর এই আহ্বান অমান্য করে ইজতেমার কার্যক্রম চালু রাখা হয়। তিনদিনের জেলা ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার হওয়ায় ইজতেমাস্থলে দুপুরের পর থেকে জুমার নামাজে মুসল্লিদের ঢল নামে। সেখানে একসঙ্গে জুম্মার নামাজ আদায় করেন কয়েক হাজার মুসল্লি।

ইজতেমায় অংশ নেওয়ার জেলা শহরের তেলিপাড়া এলাকার মুসুল্লি রহিমুল ইসলাম বলেন, আমাদের তিনদিন ইজতেমা হওয়ার কথা ছিল। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে এসেছি। মোনাজাত হয়েছে। তবে এখনো আখেরি মোনাজাত হয়নি। মাইকে আমাদের মাঠ ছেড়ে না যাওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়েছে। আমরা সেই নির্দেশনা মেনে এখানেই রয়েছি।

পঞ্চগড় সাদ অনুসারী জেলা তাবলিগ জামাতের দায়িত্বশীল আব্দুল হক জানান, শুক্রবার জুমার দিন হওয়ায় দুপুরে ইজতেমাস্থলে জুম্মার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। শনিবার (২১ নভেম্বর) সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে এই ইজতেমা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আমাদের মোনাজাত হয়েছে। কিন্ত নিরাপত্তার স্বার্থে মাঠ ছেড়ে কাউকে যেতে নিষেধ করা হয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বলেন, চিনিকল মাঠের ইজতেমা বন্ধের দাবিতে মুসল্লিদের একটি পক্ষ চৌরঙ্গী মোড়ের পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করা হয়। বর্তমানে যানবাহন চলাচলসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত