সীমান্তবর্তী এলাকা সুরক্ষা ও চোরাচালান দমনে ১০ মাসে ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা চলতি বছরের প্রথম ১০ মাসের সাফল্য ২২১ কোটি টাকারও বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ এবং পুশইন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়েছে।
দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক, অস্ত্র ও অন্যান্য পণ্যের চোরাচালান রোধ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে রংপুর বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ কিলোমিটার। এ বিস্তীর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে রিজিয়নের আওতাধীন ইউনিটসমূহ সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। এসময়ে মাদকসহ অন্যান্য চোরা চালানের সঙ্গে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে ১ দশমিক ৬ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি আটক করা হয়েছে।
রংপুর রিজিয়নে ১০ মাসে আটককৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজারেরও অধিক লিটার দেশি মদ, প্রায় ৪ কেজি হেরোইন, ১ হাজার কেজি গাঁজা, ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল, ২ হাজার ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।
এছাড়াও, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পূজামণ্ডপসমূহে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজিবি এবং ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পাশাপাশি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।
পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ পুশইন প্রতিরোধে সীমান্ত নজরদারি ও টহল জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সতর্কতা এবং স্থানীয় জনগণের সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) পরিচালক অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে এই প্রত্যয়ে সীমান্ত অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সীমান্ত গড়ে তুলতে বিজিবি কাজ করে যাচ্ছে। বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। বিজিবি মহাপরিচালকের এই ভিশন বাস্তবায়নে রংপুর রিজিয়নের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধের পাশাপাশি জ্বালানি ও ভোজ্য তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা রোধ এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধেও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, জনস্বার্থ এবং সীমান্তবর্তী এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিজিবির রংপুর রিজিয়ন সর্বদা সচেষ্ট রয়েছে।