গুলি-কাণ্ডের পর নিজস্ব ছন্দে টাইগার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:০১ এএম

বলিউডের হার্টথ্রব অভিনেতা টাইগার শ্রফ বিপদের রেশ কাটিয়ে ফের চেনা ছন্দে। গুলি চালানোর ঘটনার পর প্রথমবার জনসমক্ষে মঞ্চে ফিরলেন বলিউডের এই অভিনেতা। শুধু উপস্থিত হওয়াই নয়, মঞ্চে উঠে নিজের নাচের দক্ষতায় দর্শকদের মন জয় করলেন তিনি। তার পারফরম্যান্সের ভিডিও ইতিমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের। গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’-এর মঞ্চে দেখা যায় টাইগারকে। অক্টোবর মাসে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করলেন তিনি। আর ফিরেই বেছে নিলেন এমন একটি গান, যা তার নাচের দক্ষতার সঙ্গে বেশ মানানসই। হৃতিক রোশন অভিনীত ‘অগ্নিপথ’ ছবির জনপ্রিয় গান ‘দেবা শ্রী গণেশা’র তালে নাচতে দেখা যায় তাকে।

অনুষ্ঠানে টাইগারের পোশাকও নজর কাড়ে। লাল ধুতি-ধাঁচের প্যান্ট, গায়ে গয়না এবং কাঁধে সাজানো বিশেষ পোশাকে একেবারে অন্যরূপে ধরা দেন অভিনেতা। মঞ্চে তার নাচের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। দীর্ঘ বিরতির পর এভাবে জনসমক্ষে ফিরে আসায় খুশি অনুরাগীরাও। তবে এই অনুষ্ঠানে টাইগারের উপস্থিতির পেছনে রয়েছে সাম্প্রতিক এক অস্বস্তিকর অভিজ্ঞতা। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠ থেকে বাড়ি ফেরার পথে অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকেই অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তাই এক মাসেরও বেশি সময় পর তার এই মঞ্চে ফেরা বিশেষ তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানের আয়োজক ছিল দিব্যজ ফাউন্ডেশন। এই সংস্থার প্রতিষ্ঠাতা অমৃতা ফড়নবীস। শান্তি, সাহস এবং মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। শুধু টাইগার নন, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক পরিচিত মুখ। শাহরুখ খান, অক্ষয় কুমার, রণবীর সিং, বিক্রান্ত ম্যাসি এবং ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকারকেও দেখা যায় সেখানে।

কাজের দিক থেকেও ধীরে ধীরে ছন্দে ফিরছেন টাইগার। সম্প্রতি পুনেতে জানভি কাপুরের সঙ্গে পরিচালক রাজ মেহতার আগামী ছবি ‘লগ যা গলে’-এর একটি গানের শুটিং শেষ করেছেন তিনি। ছবিতে লক্ষ্যেরও অভিনয় করার কথা। সব মিলিয়ে, সাম্প্রতিক ঘটনার রেশ কাটিয়ে আবারও কাজ এবং মঞ্চে নিজের জায়গা ফিরে পাওয়ার পথে টাইগার।

সর্বশেষ সর্বাধিক পঠিত