আরচারিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত চপল

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ এএম

বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি পদে আবারও দায়িত্ব পেতে যাচ্ছেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। আসন্ন নির্বাচনে সভাপতি পদে তার বিপরীতে কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন তিনি। রবিবার জাতীয় ক্রীড়া পরিষদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন চপল।

নির্বাচনী তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ আরচারি ফেডারেশনের নির্বাচন। প্রার্থীরা ২৬ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ২৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোট ৬২ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি পদে একক প্রার্থী থাকলেও অন্যান্য পদে রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। পাঁচটি সহসভাপতি পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন ছয়জন। সাধারণ সম্পাদক পদে লড়বেন তিনজন। এ ছাড়া দুটি যুগ্ম সম্পাদক পদের বিপরীতে তিনজন, কোষাধ্যক্ষ পদে দুজন এবং ১৯টি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ২২ জন। মনোনয়ন জমা দেওয়ার পর চপল জানিয়েছেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে তারা বদ্ধপরিকর। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) চার্টার এবং আন্তর্জাতিক ফেডারেশনের বিধিমালা অনুসরণ করেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি। চপলের মতে, অ্যাডহক কমিটির মাধ্যমে দায়িত্ব পালনের চেয়ে নির্বাচিত কমিটির সদস্য হিসেবে কাজ করার ক্ষেত্রে দায়িত্ব ও জবাবদিহি অনেক বেশি। নির্বাচিত হলে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতিসহ প্রত্যেক সদস্যের ওপর দায়িত্বের পরিধি বাড়বে।

সর্বশেষ সর্বাধিক পঠিত