ঐকমত্য ছাড়াই শেষ কপ৩১

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০২:০২ এএম

তুরস্কের আনতালিয়ায় ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) জলবায়ু অর্থায়ন, অভিযোজন, জীবাশ্ম জ¦ালানি থেকে উত্তরণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। জলবায়ু সম্মেলন ২০ নভেম্বর শেষ হলেও সমঝোতায় পৌঁছতে না পারায় আলোচনা গতকাল রবিবার পর্যন্ত চলে। দীর্ঘ আলোচনার ভিত্তিতে অচলাবস্থা কাটিয়ে নতুন একটি সমঝোতা প্যাকেজ ঘোষণার সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে সম্মেলনের নেতৃত্বদানকারী ও আয়োজক দেশ। কিন্তু সর্বশেষ অধিবেশেন কোনো সমঝোতা না হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ ছাড়াই শেষ হয় কপ৩১ সম্মেলন। এককথায় জীবাশ্ম জ¦ালানি নিয়ে সংঘাতে ভেস্তে গেল সমঝোতা; অনিশ্চয়তায় পড়েছে জলবায়ু অর্থায়ন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও কপ৩১ সম্মেলনের আলোচকরা সমঝোতায় পৌঁছতে পারেননি। শনিবারজুড়ে আলোচনা চললেও অচলাবস্থা কাটেনি। পরে শনিবার গভীর রাতে অনুষ্ঠিত অধিবেশনে সম্মেলনের সভাপতি তুরস্কের মুরাত কুরুম নতুন একটি সমঝোতা প্যাকেজ উপস্থাপন করেন। তিনি বলেন, আমরা এমন একটি প্রস্তাব উপস্থাপন করেছি, যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমার  বিশ্বাস। প্রস্তাবটি অনুমোদনের জন্য রবিবার সকালে অনুষ্ঠিত অধিবেশনে উপস্থাপন করা হয়। কিন্তু ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশের আপত্তিতে গৃহীত হয়নি চূড়ান্ত খসড়া। ফলে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ ছাড়াই শেষ হলো কপ৩১ সম্মেলন। এখন অভিযোজন অর্থায়ন বাড়ানো ও কার্বন নিঃসরণ কমানোর অমীমাংসিত বিরোধ সমাধানের জন্য কপ৩২ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক ঐকমত্য প্রতিষ্ঠার আশা নিয়ে তুরস্কের আনতালিয়ায় গত ৯ নভেম্বর শুরু হয়েছিল ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ৩১)। কিন্তু দুই সপ্তাহের বেশি সময় ধরে আলোচনা, একের পর এক খসড়া এবং শেষ মুহূর্তের সমঝোতার চেষ্টার পরও ঐকমত্যে পৌঁছতে পারেনি দেশগুলো। জীবাশ্ম জ¦ালানি থেকে উত্তরণ, অভিযোজন অর্থায়ন এবং কার্বন অপসারণ প্রযুক্তির ব্যবহার নিয়ে গভীর মতবিরোধের জেরে শেষ পর্যন্ত সম্মেলনের চূড়ান্ত খসড়া গৃহীত হয়নি। গতকাল রবিবার সমাপনী অধিবেশনে কপ৩১-এর সভাপতি তুরস্কের মুরাত কুরুম জানান, ‘এটা স্পষ্ট যে, এ অধিবেশনকক্ষে এমন কিছু পক্ষ রয়েছে, যারা এ প্রস্তাবের বিরোধিতা করছে। আমরা স্বীকার করছি, এ নথির বিষয়ে কোনো ঐকমত্য নেই। প্রস্তাবিত নথির বিষয়ে দেশগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। ংফলে সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো গৃহীত হয়নি। ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ চূড়ান্ত খসড়া প্রত্যাখ্যান করেছে। সম্মেলনের নেতৃত্বে থাকা অস্ট্রেলিয়া ও আয়োজক তুরস্ক শেষ পর্যন্ত সমঝোতা প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছে।  

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও মতবিরোধের কারণে আলোচনা রবিবার পর্যন্ত গড়ায়। অস্ট্রেলিয়া ও তুরস্ক একাধিক খসড়া প্রকাশ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর চাহিদার সঙ্গে জীবাশ্ম জ¦ালানি উৎপাদন ও ব্যবহারের ওপর নির্ভরশীল অর্থনীতির স্বার্থের মধ্যে ভারসাম্য তৈরির চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত সে চেষ্টা সফল হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ ব্যর্থতা আন্তর্জাতিক জলবায়ু কূটনীতির জন্য বড় ধাক্কা। ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনেও দেশগুলো ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়েছিল। আনতালিয়ার অচলাবস্থা সেই ঘটনার কথাই আবার সামনে এনেছে।

জীবাশ্ম জ¦ালানি : সমঝোতা ভাঙার কেন্দ্রে : কপ৩১-এর সবচেয়ে বড় বিরোধ তৈরি হয় জীবাশ্ম জ¦ালানি থেকে উত্তরণ নিয়ে। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ¦ালানির প্রসার দ্রুত করার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার চেয়েছিল ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বড় অংশও এ দাবির পক্ষে অবস্থান নেয়। কিন্তু তেল উৎপাদনকারী ও জীবাশ্ম জ¦ালানিনির্ভর অর্থনীতির দেশগুলো চূড়ান্ত নথিতে এ বিষয়ে সরাসরি ভাষা ব্যবহারের বিরোধিতা করে। আলোচনার বিভিন্ন পর্যায়ে প্রকাশিত খসড়ায় জীবাশ্ম জ¦ালানি থেকে উত্তরণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে, আবার পরবর্তী খসড়ায় তা বাদ পড়েছে। জীবাশ্ম জ¦ালানি নিয়ে সৃষ্ট সংঘাতে সমঝোতা বাধাগ্রস্ত হচ্ছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যায়ের খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের নাম উল্লেখ করে সেগুলো থেকে উত্তরণের সুস্পষ্ট অঙ্গীকার ছিল না। যদিও ২০২৩ সালের দুবাই জলবায়ু সম্মেলনে গৃহীত জীবাশ্ম জ¦ালানি থেকে উত্তরণের সিদ্ধান্তের কথা স্মরণ করা হয়েছিল, নতুন করে কার্যকরী কোনো রোডম্যাপ রাখা হয়নি। ফ্রান্স ও পানামাসহ কয়েকটি দেশ চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ¦ালানি থেকে উত্তরণের স্পষ্ট ভাষা অন্তর্ভুক্ত করার দাবি জানায়। অন্যদিকে সৌদি আরবসহ কয়েকটি দেশ এ ধরনের ভাষার বিরোধিতা করে। শেষ পর্যন্ত এ বিরোধের সমাধান হয়নি।

কার্বন অপসারণ প্রযুক্তি নিয়ে বিতর্ক : চূড়ান্ত খসড়ায় কার্বন ধারণ, ব্যবহার ও সংরক্ষণ প্রযুক্তির (সিসিইউএস) সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেয়েছিল। খসড়ায় ২০৩৫ সালের মধ্যে বছরে ১০০ কোটি টন কার্বন ধারণ, ব্যবহার বা সংরক্ষণের সক্ষমতা তৈরির লক্ষ্য রাখা হয়েছিল। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে জ¦ালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার প্রস্তাবও ছিল। তবে এসব প্রস্তাব নিয়ে পরিবেশবাদী সংগঠন ও বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সমালোচকদের আশঙ্কা, কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা জীবাশ্ম জ¦ালানির ব্যবহার দীর্ঘায়িত করার সুযোগ তৈরি করতে পারে। তাদের মতে, কার্বন অপসারণ প্রযুক্তি প্রয়োজন হতে পারে, কিন্তু তা জীবাশ্ম জ¦ালানি থেকে দ্রুত উত্তরণের বিকল্প নয়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চূড়ান্ত খসড়ায় বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রমের পথে রয়েছে বলে স্বীকার করা হয়েছিল। এ সীমা অতিক্রমের পর পরিস্থিতি আবার নিয়ন্ত্রণে আনতে কার্বন অপসারণ প্রযুক্তির দ্রুত উন্নয়নের আহ্বানও জানানো হয়। কিন্তু সমালোচকদের মতে খসড়াটি জলবায়ু সংকটের গভীরতার নিরিক্ষে যথেষ্ট উচ্চাভিলাষী ছিল না।

অভিযোজন অর্থায়ন : আশা পূরণ হলো না : কপ৩১-এর অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য উন্নয়নশীল দেশগুলোর অর্থায়ন বাড়ানো। বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অভিযোজন অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপকূলীয় এলাকায় লবণাক্ততা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন ও তাপপ্রবাহের প্রভাব মোকাবিলায় এসব দেশের বিপুল অর্থের প্রয়োজন। সম্মেলনের বিভিন্ন পর্যায়ের খসড়ায় অভিযোজন অর্থায়ন বাড়ানোর প্রস্তাব ওঠে। একপর্যায়ে ২০৩৫ সালের মধ্যে বছরে ১২০ বিলিয়ন ডলারের অভিযোজন অর্থায়নের একটি লক্ষ্য আলোচনায় ছিল। পরের খসড়াগুলোতে নির্দিষ্ট অঙ্কের পরিবর্তে অভিযোজন অর্থায়ন তিনগুণ করার প্রস্তাব গুরুত্ব পায়। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত সমঝোতা গৃহীত হয়নি। এতে উন্নয়নশীল দেশগুলোর আশা নিরাশায় পড়েছে।

১.৫ ডিগ্রি লক্ষ্যের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা : প্যারিস জলবায়ু-চুক্তির অন্যতম লক্ষ্য হলো বৈশ্বিক উষ্ণতা প্রাক-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং তা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার চেষ্টা চালানো। কিন্তু বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির বর্তমান প্রবণতা এ লক্ষ্য অর্জনকে কঠিন করে তুলছে। কপ৩১-এর খসড়ায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রমের আশঙ্কা স্বীকার করা হলেও তা মোকাবিলায় ঐকমত্য তৈরি হয়নি।

সমঝোতার অপেক্ষায় বিশ্ব : আনতালিয়ায় কপ৩১-এর পর্দা নেমেছে। কিন্তু জলবায়ু সংকটের সমাধানের প্রশ্ন শেষ হয়নি। বরং সম্মেলনের ব্যর্থতা সামনে এনেছে আন্তর্জাতিক সহযোগিতার সীমাবদ্ধতা। জীবাশ্ম জ¦ালানি থেকে উত্তরণ, অভিযোজন অর্থায়ন এবং ১ দশমিক ৫ ডিগ্রি লক্ষ্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দেশগুলোকে আবার আলোচনায় ফিরতে হবে।

আলোচনায় কপ৩২ : কপ৩১-এর চূড়ান্ত রাজনৈতিক সমঝোতা গৃহীত না হলেও সম্মেলনের সব কার্যক্রম বা আগের জলবায়ু সিদ্ধান্ত বাতিল হয়ে যায়নি। প্যারিস চুক্তি এবং আগের কপ সম্মেলনগুলোতে গৃহীত সিদ্ধান্ত বহাল রয়েছে। দেশগুলোর  আগের অঙ্গীকার ও দায়িত্বও অক্ষুণœ থাকবে। এ ছাড়া কপ৩১-এ যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলোর সমাধান এখন নির্ভর করছে পরবর্তী আলোচনার ওপর। জাতিসংঘের জলবায়ু প্রক্রিয়ায় অমীমাংসিত আলোচ্যসূচির বিষয়গুলো পরবর্তী অধিবেশনে আবার তোলা যেতে পারে। তবে সব খসড়া বা আগের অগ্রগতি স্বয়ংক্রিয়ভাবে বহাল থাকবে এমন নিশ্চয়তা নেই। কোনো কোনো বিষয়ে নতুন করে আলোচনা শুরু করা হতে পারে। ২০২৭ সালের জুনে জার্মানির বন শহরে জাতিসংঘের জলবায়ু সংস্থার মধ্যবর্তী অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা। তাতে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ থাকবে। এরপর ২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হবে কপ৩২। সেখানে এসব বিষয় উপস্থাপন করা হবে।

বাংলাদেশের জন্য কী বার্তা? : কপ৩১-এর অচলাবস্থা বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা রেখে গেছে। প্রথমত, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে। দ্বিতীয়ত, ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক তহবিল থেকে কার্যকর সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজ করা জরুরি। তৃতীয়ত, নবায়নযোগ্য জ¦ালানির প্রসার ও জীবাশ্ম জ¦ালানির ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে দেশের নিজস্ব পরিকল্পনাও শক্তিশালী করতে হবে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত