পাবনায় আমনের বাম্পার ফলন, ন্যায্য দামের অপেক্ষায় কৃষক

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

কৃষিভিত্তিক জনপদ হিসেবে পাবনার পরিচিতি দীর্ঘদিনের। পেঁয়াজসহ অন্যান্য সবজি চাষে নানা চ্যালেঞ্জের কথা শোনা গেলেও চলতি মৌসুমে আমন ধানের সোনালি শিষে আশার আলো দেখছেন জেলার কৃষকরা। অনুকূল আবহাওয়া এবং পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ তুলনামূলক কম থাকায় রোপা আমনের ভালো ফলন হবে বলে মনে করছেন তারা। এখন চাষিদের মূল চাওয়া—ফসলের উপযুক্ত বাজারমূল্য।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে পাবনায় নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫৫ হাজার ৮৯৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের রোপা আমন আবাদ করা হয়েছে, যার বড় অংশজুড়ে রয়েছে হাইব্রিড জাত। উপজেলাভিত্তিক আবাদে সদর উপজেলায় ১৮ হাজার ১৫৬ হেক্টর, আটঘরিয়ায় ৮ হাজার ১৪০ হেক্টর, ঈশ্বরদীতে ৩ হাজার ৬৩০ হেক্টর, চাটমোহরে ৭ হাজার ৭৭৫ হেক্টর, ভাঙ্গুড়ায় ৯৭৭ হেক্টর, ফরিদপুরে ৬১৫ হেক্টর, বেড়ায় ৫১৭ হেক্টর, সাঁথিয়ায় ১০ হাজার ৫০০ হেক্টর এবং সুজানগরে ৫ হাজার ৫৮৫ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে।

সুজানগরের আহম্মদপুর, দুলাই ইউনিয়নের গাজনার বিল অঞ্চল, চাটমোহরের চলনবিল অঞ্চল ও সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা শীতের হাওয়ায় দুলছে পাকা ও আধাপাকা ধানের শিষ। আগাম আবাদ করা কিছু জমির ধান ইতোমধ্যে কাটতে শুরু করেছেন কৃষকরা। তবে পুরোদমে ধান কাটা ও মাড়াইয়ের মৌসুম শুরু হতে আরও এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে। সংশ্লিষ্টদের মতে, আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাই কম থাকায় আবাদ বেশ ভালো হয়েছে। প্রতি বিঘায় ১৩ থেকে ১৫ হাজার টাকা ব্যয় করে ২২ মণ পর্যন্ত ফলনের আশা করছেন তাঁরা। চাটমোহর ও সুজানগরের যেসব জমিতে আগাম ধান কাটা হয়েছে, সেখানে বিঘাপ্রতি ১৭ থেকে ২২ মণ পর্যন্ত ফলন পাওয়া গেছে। 

তবে ঈশ্বরদীর কয়েকজন কৃষক হঠাৎ ঝড়-বৃষ্টিতে কিছুটা ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন। মুলাডুলি ইউনিয়নের পতিরাজ গ্রামের কৃষক মুরাদ বলেন, ২০ বিঘা জমিতে ধান লাগিয়েছি, বিঘায় ২০-২২ মণ পাওয়ার আশা ছিল। কিন্তু আকস্মিক ঝড়-বৃষ্টিতে ১৫ বিঘার ধান হেলে পড়েছে। আধাপাকা ধানগুলো নিয়ে দুশ্চিন্তায় আছি। কতটুকু উঠবে জানি না, তার ওপর বাজারদরও কম।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন জানান, ঝড়ে কিছু জমির ধান পড়ে গেলেও পাকা ধানগুলো কৃষকরা ঘরে তুলতে পেরেছেন। যেগুলো এখনো কাটার উপযোগী হয়নি, সেগুলোর ক্ষয়ক্ষতি কমাতে কয়েক গোছা ধান একসঙ্গে বেঁধে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে গাছ দাঁড়িয়ে থাকতে পারবে এবং ফলন বিপর্যয় কম হবে। উপজেলায় গড়ে ২০ থেকে ২৪ মণ ফলন পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।

এদিকে নবান্নকে সামনে রেখে জেলার গ্রামগুলোতে বইছে ব্যস্ততার আমেজ। কেউ কাস্তে ধার দিচ্ছেন, কেউ মাথাল বুনছেন, আবার কেউ ধান রাখার গোলা সংস্কার করছেন। ভালো ফলনের সম্ভাবনায় কৃষকদের চোখেমুখে স্বস্তি থাকলেও বর্তমান বাজারদর নিয়ে দুশ্চিন্তা রয়েছে তাদের মনে।


সুজানগরের আহম্মদপুরের কৃষক মো. হাসান বলেন, ফলন এবার বেশ ভালো, কিন্তু বাজারে ধানের দাম আশানুরূপ নয়। এখন প্রতি মণ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এই দামে খরচ পুষিয়ে লাভ করা কঠিন। অন্তত দেড় হাজার টাকা মণ দর না পেলে কীভাবে চলবে?  

সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, উপজেলায় ইতোমধ্যে ৫ থেকে ৬ শতাংশ জমির ধান কাটা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বাকি জমির ধান কাটা শুরু হবে। এখানে গড় ফলন ১৭ থেকে ২২ মণ হচ্ছে। চাষিরা ভালো দাম পেলে অবশ্যই লাভবান হবেন।

এ বিষয়ে ​পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, এ মৌসুমে বিঘাপ্রতি গড় ১৭ থেকে ১৮ মণ হিসেবে মোট ২ লাখ ৩৭৩ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুকূল ফলনের কারণে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে।

বাজারদর নিয়ে কৃষকদের অসন্তোষের বিষয়ে তিনি বলেন, সরকার ৩৫ টাকা কেজি দরে ধান সংগ্রহ করবে। কৃষকরা যেন খোলা বাজারেও কাছাকাছি বা ন্যায্য দাম পান, সে বিষয়ে কৃষি বিভাগ তদারকি করবে। ফলে ভালো ফলন ও সঠিক দামে আমন চাষিরা লাভবান হবেন বলে আমরা আশাবাদী।

সর্বশেষ সর্বাধিক পঠিত