আ.লীগকে প্রশ্রয় দিলে জেলে যেতে হবে: হুইপ দুলু

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে তাদের জেলে যেতে হবে।

তিনি বলেন, আওয়ামীলীগ একটা টেররিস্ট রাজনৈতিক দল। এদল নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাস শুরু করেছে । এরা আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়। গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করে। হেলপার-ড্রাইভারকে পুড়িয়ে মারে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে  শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর সদর ও নলডাঙ্গা আসনের জনগণের আয়োজনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।

হুইপ আরও বলেন,আওয়ামী লীগ আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এই জন্য আজকে আমাদেরকে এই সন্ত্রাসী রাজনৈতিক দলের বিরুদ্ধে রাস্তায় নামতে হয়েছে। গত ১৭ বছর নাটোরসহ সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখে ছিলো এই নিষিদ্ধ সংগঠন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সহ দলের নেতারা।

এর আগে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত