দুবলার চরে পূজা শুরু রাত ১১টায়, কাল সকালে পুণ্যস্নান

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

সুন্দরবনের দুবলার চর আলোর কোলে রাস পূজা ও পূণ্যস্নান উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল থেকেই দুবলার চর রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ পুন্যার্থী ও ভক্ত সমাগমে মুখরিত হয়ে উঠে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টার পর পূজা শুরু হবে। মঙ্গলবার সকালে সূর্যোদয়ের পর শুরু হবে পূর্ণস্নান। এই উৎসব উপলক্ষ গণমাধ্যম কর্মীদের সামনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কোস্ট গার্ডের দুবলার চর এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ।

রাস উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পুণ্যার্থীদের নিরাপত্তা, বন ও বন্যপ্রাণী সুরক্ষায় টহল জোরদার করেছে কোস্ট গার্ড, বন বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দুর্গম পথ ও যাতায়াতের অসুবিধার কারণে রবিবার থেকেই পুণ্যার্থীদের দুবলার চরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অধিকাংশ ভক্ত ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন। সোমবারও বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থীদের আগমন অব্যাহত রয়েছে।
সোমবার বিকেল থেকে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সন্ধ্যায় পূজা-অর্চনা অনুষ্ঠিত হবে।  আজ মঙ্গলবার সকালে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।

দুশত বছরের বেশি সময় ধরে সুন্দরবনের দুবলার চরে এ ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাস পূর্ণিমায় সাগরে পুণ্যস্নানের মাধ্যমে পাপমুক্তি ঘটে।

রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ বলেন, গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টির কারণে এ বছর পূর্ণার্তের সংখ্যা একটু কম হয়েছে। দুর্গম পথের কারণে অধিকাংশ পুণ্যার্থী গতকালই দুবলার চরে পৌঁছেছেন।  বিকেল থেকে মূল ধর্মীয় আয়োজন শুরু হবে। খুলনা ও আশপাশের বিভিন্ন জেলা ছাড়াও দেশের নানা অঞ্চল থেকে পুণ্যার্থীরা এ আয়োজনে অংশ নেন।

কামাল আহমেদ আরো বলেন, আগামীতে এই রাধা গোবিন্দ মন্দির সুন্দরভাবে সংস্কার করা হবে।কোনো কোনো বছর দেশের বাইরের ভক্তদেরও আগমন ঘটে।

এদিকে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার বিকেলে আলোরকোলে মন্দিরের প্রাঙ্গণে  কোস্ট গার্ডের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ এক প্রেসব্রিফিং এ তথ্য জানান।

প্রেসব্রিফিং তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও বাগেরহাটের দুবলার চরে শত বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তায় কোস্ট গার্ডের জাহাজ এবং নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহল দল নিয়োজিত রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সার্বক্ষণিক টহল পরিচালনার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।
বন্যপ্রাণী শিকার প্রতিরোধে বন বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরো বলেন, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ মোট ৪৩ জন বনদস্যুকে আটক করা হয়েছে। বনদস্যুদের কাছে জিম্মি থাকা ৬৩ জন জেলে, দুই পর্যটক ও একজন রিসোর্ট মালিককে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে কোণঠাসা হয়ে সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর মোট ৬৪ জন সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে।

তিনি আরো বলেন, সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান চলাকালে পুণ্যার্থী ও দর্শনার্থীদের জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পেতে কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১ এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত