চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। এতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল সহযোগিতা করে।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, ক্রয়-বিক্রয়ের যথাযথ ভাউচার না রাখা, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবারে মেশানোর জন্য ইন্ডাস্ট্রিয়াল রং বিক্রির অপরাধে ‘ফজল দিন ইকবাল দিন’ নামের প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় ‘পূরবী হোটেল’কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে পচা-বাসি রান্না করা খাবার—সবজি, তরকারি, গ্রিল ও বিরিয়ানি সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে দেখা যায়, সেখানে অন্যের খাওয়ার পর উচ্ছিষ্ট প্লেট থেকে তুলে আনা ভাত মিশ্রিত মাংসও সংরক্ষণ করে রাখা হয়েছিল। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগও ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
অন্যদিকে, পোড়া ও কালো অস্বাস্থ্যকর তেলে খাদ্যদ্রব্য ভাজার দায়ে ‘বিসমিল্লাহ ঝাল বিতান’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার এই অভিযানে নেতৃত্ব দেন।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর এসব অনিয়মের বিরুদ্ধে আমরা কোন ছাড় দেব না। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। আগামীতেও কঠোর তদারকি অভিযান অব্যাহত থাকবে।