সেন্টমার্টিনে পরিবেশ দূষণের দায়ে রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের দায়ে ‘সেন্ট ক্যাসেল’ নামের একটি রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণপাড়া সৈকতে জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম। অভিযানে বিভিন্ন রিসোর্টের পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় সেন্ট ক্যাসেল রিসোর্টের বিরুদ্ধে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ প্রথমে রিসোর্ট কর্তৃপক্ষ অস্বীকার করে। পরে সরেজমিন অভিযান চালিয়ে দেখা যায়, রিসোর্টটির বর্জ্য পাম্পের মাধ্যমে সমুদ্রে ফেলার কাজে ড্রেজারসদৃশ একটি যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া অন্যের জায়গায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রমাণও পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে রিসোর্টটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে, অভিযানে কয়েকটি রিসোর্টের বর্জ্য ব্যবস্থাপনায় অসংগতি ও পরিবেশগত বিষয়গুলো পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট রিসোর্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতা দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, কোস্ট গার্ড ও বিচকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এর আগে সৈকতের বালুচরে বিধিনিষেধ অমান্য করে চলাচলের অভিযোগে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ছাড়া সেন্ট মার্টিনের সমুদ্রসীমায় নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ আহরণের অভিযোগে ‘আল্লাহর দয়া-৬’ নামের একটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। ট্রলারের চালককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে চালককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সর্বশেষ সর্বাধিক পঠিত