রাতে বাড়ি ফেরেননি, সকালে মিলল গার্মেন্টসকর্মীর মরদেহ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাড়ির পাশের বাথরুমের কাছে চম্পা বেগম (৪০) নামে এক গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাতে কর্মস্থল থেকে বাড়ি না ফেরার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে তার মরদেহ দেখতে পান শাশুড়ি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চম্পা বেগম উপজেলার বীর সিংজুরী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়া উপজেলার তারাসীমা গার্মেন্টসে কাজ করতেন। প্রতিদিন সকালে কাজে গিয়ে রাত ৯টা থেকে ১০টার মধ্যে বাড়ি ফিরতেন তিনি। তবে সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার পর রাতে আর বাড়িতে ফেরেননি। পরে তার মোবাইল ফোন বন্ধ পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে চম্পার শাশুড়ি হাসনা বেগম (৬৫) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এ সময় বাড়ির উত্তর পাশে বাথরুমের কাছে পুত্রবধূর মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। মরদেহের গলায় ফাঁসের দাগ ছিল। পাশে পড়ে ছিল চম্পার ব্যবহৃত একটি ভ্যানিটি ব্যাগ।

পরিবার সূত্র জানায়, চম্পার স্বামী স্বপন মিয়া একজন আনসার সদস্য। প্রায় দুই বছর আগে তিনি অন্যত্র বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলে বসবাস শুরু করেন। এরপর থেকে গার্মেন্টসে কাজ করে এক ছেলে, এক মেয়ে ও শাশুড়িকে নিয়ে সংসার চালাতেন চম্পা।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত