১ ঘণ্টা আগে ড্র মেনে নেওয়ায় গিলকে স্টোকসের খোঁচা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০২:২০ পিএম

২০২৫ সালের সেই পুরোনো প্রেক্ষাপটই যেন এক বছরের ব্যবধানে উল্টে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিল ওয়েলিংটনে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের শেষ প্রহরে হাতে প্রায় এক ঘণ্টা সময় থাকতে শুবমান গিল দ্রুত ড্র মেনে নেওয়ায় প্রতিক্রিয়া দেখিয়েছেন বেন স্টোকস ও পিয়ার্স মরগান। 

গতকাল বেসিন রিজার্ভে সিরিজের প্রথম টেস্ট ড্রয়ে শেষ হয়। যদিও ম্যাচের বড় অংশজুড়ে নিয়ন্ত্রণ ছিল সফরকারীদের হাতেই। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৬৮ রানের জবাবে ৯ উইকেটে ৭২০ রানের বিশাল সংগ্রহ গড়ে ৩৫২ রানের বড় লিড নেয় ভারত। দ্বিতীয় ইনিংসে পাল্টা লড়াইয়ে নামে কিউইরা; ১২০ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২৩৯ রান তুলে ম্যাচ বাঁচানোর পথে এগোয় তারা। ষষ্ঠ উইকেটে ড্যারিল মিচেল (৪৯*) ও গ্লেন ফিলিপসের (২৬*) দৃঢ়তায় ভারতীয় বোলারদের কাজ কঠিন হয়ে ওঠে। 

শেষ দিনের শুরুতে জয়ের সম্ভাবনা থাকলেও শেষ ঘণ্টায় আর জয়ের আশা না দেখে ড্রয়ে সম্মতি দেন গিল, ফলে ভাগাভাগি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচের পয়েন্ট।

গিলের এই সিদ্ধান্তের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ইংলিশ মহলে শুরু হয় আলোচনা-সমালোচনা। ওয়েলিংটনে ভারতের আগেভাগে ম্যাচ শেষ করার সিদ্ধান্তে নিজের মনের ক্ষোভ ও অসন্তোষের ছাপ রেখে প্রতিক্রিয়া জানান স্টোকস। নিজের এক্স-অ্যাকাউন্ট গিলের এমন সিদ্ধান্তে অবাক হওয়ার মিম শেয়ার করে অভিনব উপায়েই যেন খোঁচাটা দিলেন ইংলিশদের সাবেক এই অধিনায়ক। 

স্টোকসের এমন প্রতিক্রিয়ার সূত্র মেলাতে যেতে হবে এক বছর আগে ২০২৫ সালের জুলাইয়ে, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের চতুর্থ টেস্টে। সেখানে ১৫ ওভার বাকি থাকতে স্টোকস আগাম ড্রয়ের প্রস্তাব দিলেও তা গ্রহণ করেননি রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। সে সময় ভারত ছিল ৪ উইকেটে ৩৮৬ রানে; জাদেজা ৮৯ ও সুন্দর ৮০ রানে ব্যাট করে শেষ পর্যন্ত দুজনই সেঞ্চুরি পূর্ণ করেন এবং ভারত ৪ উইকেটে ৪২৫ রানে ইনিংস শেষ করে। 

স্টোকসসহ ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটারের হতাশার জবাবে তখন ব্যাটারদের সেঞ্চুরির অধিকারের পক্ষে যুক্তি দিয়েছিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর। পরে স্টোকস ব্যাখ্যা দিয়েছিলেন যে ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছে ধরে নিয়ে মূল পেসারদের চোট থেকে বাঁচাতেই তিনি আগাম ড্রয়ের প্রস্তাব দিয়েছিলেন।

অন্যদিকে, ব্রিটিশ উপস্থাপক পিয়ার্স মরগান বরাবরের মতো সরাসরি ভাষায় নিজের অবস্থান জানান। এক্স-এ নিজের প্রতিক্রিয়া জানিয়ে মরগান লেখেন, ‘চরম শোচনীয়।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত