‘হে মহাজীবন’ শীর্ষক সুকান্তের জন্মশতবর্ষ

‘পৃথিবীতে যত দিন ক্ষুধা, দারিদ্র্য থাকবে, সুকান্ত প্রাসঙ্গিক থাকবেন’

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএম

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে আরণ্যক নাট্যদলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘হে মহাজীবন’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আয়োজিত এ অনুষ্ঠানে সুকান্তের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনার পাশাপাশি তাঁর কবিতা অবলম্বনে নির্মিত নাটক ‘একটি মোরগের কাহিনি’ মঞ্চস্থ হয়।

নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন অপু মেহেদী। এটি আরণ্যক নাট্যদলের ৬৭তম প্রযোজনা।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আরণ্যকের প্রধান সম্পাদক হারুন রশীদ। কবিতা আবৃত্তি করেন গোলাম সারোয়ার ও মীর বরকত। সংগীত পরিবেশন করেন মঞ্জু সাহা। নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব ও তাঁর দল।

অনুষ্ঠানে অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী বলেন, ‘আমাদের ছোটবেলায়, ষাটের দশকের শেষ দিকে, রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী একসঙ্গে উদযাপিত হতো। ঘরে ঘরে রবীন্দ্রনাথ ও নজরুলের ছবির পাশাপাশি সুকান্তের ছবিও থাকত। এখন অনেক কিছুই হারিয়ে যাচ্ছে, ছবিতে কালি পড়ছে। কিন্তু মানুষের মনের ভেতরে সুকান্তের যে ছবি রয়ে গেছে, তা এখনো উজ্জ্বল।’

হারুন রশীদ বলেন, পৃথিবীতে যত দিন ক্ষুধা, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা ও নিপীড়ন থাকবে, তত দিন সুকান্ত প্রাসঙ্গিক থাকবেন। আরণ্যক মেহনতি ও শ্রমজীবী মানুষের স্বপ্ন-আকাঙ্ক্ষা নিয়ে নাট্যচর্চা করে। তাদের এবারের উৎসব বাংলাদেশসহ বিশ্বের সব মেহনতি মানুষের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে।

নাটকটির নির্দেশক অপু মেহেদী বলেন, ‘শতবর্ষ পেরিয়েও সুকান্ত কেন প্রাসঙ্গিক, তার উত্তর ছড়িয়ে আছে আজকের বাস্তবতায়। ক্ষুধা, বৈষম্য, শ্রমের অবমূল্যায়ন, শোষণ ও নিপীড়নের যে পৃথিবী এখনো আমাদের ঘিরে রেখেছে, সেখানে সুকান্তের স্বপ্ন ও প্রতিবাদ আজও সমান জীবন্ত। সময় বদলেছে, কিন্তু তাঁর শিশুর জন্য বাসযোগ্য পৃথিবী এখনো নির্মিত হয়নি। সুকান্তের কবিতার অন্তর্নিহিত এই জীবনদর্শনকে মঞ্চে অনুবাদের প্রয়াসই “একটি মোরগের কাহিনি”।’

সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ ‘ছাড়পত্র’-এর অন্তর্ভুক্ত ‘একটি মোরগের কাহিনি’ কবিতাটি খাদ্য ও বেঁচে থাকার নিশ্চয়তাকে কেন্দ্র করে রচিত একটি তাৎপর্যপূর্ণ রূপক। একটি মোরগের জীবন ও পরিণতির মধ্য দিয়ে কবি তুলে ধরেছেন শ্রেণিবৈষম্য, শোষণ এবং ক্ষমতার অসম সম্পর্ক। নাটকটিতে এই রূপককে সমকালীন মঞ্চভাষায় উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুবলী চৌধুরী, মরু ভাস্কর, জুয়েল মিজি, শাহরান খান, পারভেজ সরকার, নূরজাহান আক্তার, সুরাইয়া মঈন ফ্লোরা ও তানজিনা হিমু। মঞ্চ ও দ্রব্যসামগ্রী পরিকল্পনায় রয়েছেন সাকিল সিদ্ধার্থ, আলোক পরিকল্পনায় হাশিম মাসুদ, পোশাক পরিকল্পনায় রুবলী চৌধুরী এবং সংগীত পরিকল্পনায় মরু ভাস্কর।

সর্বশেষ সর্বাধিক পঠিত