পুতুলটি কাঠের তৈরি, অথচ তার মন আছে। আছে কৌতূহল, জেদ আর নিজের ইচ্ছামতো পৃথিবীকে আবিষ্কারের দুরন্ত আকাঙ্ক্ষা। সে ভুল করে, প্রলোভনে পা দেয়, বিপদে পড়ে, আবার ঘুরে দাঁড়ায়। মিথ্যা বললে তার নাক লম্বা হয়ে যায়। শেষ পর্যন্ত একদিন কাঠের খোলস ছেড়ে হয়ে ওঠে রক্তমাংসের মানুষ। এই অদ্ভুতুড়ে পুতুলের স্রষ্টা ইতালীয় লেখক কার্লো কোল্লোদি। পুতুলটির নাম পিনোকিও।
কোল্লোদির জন্মের ২০০ বছর পূর্ণ হচ্ছে ২৪ নভেম্বর। ১৮২৬ সালের এই দিনে ফ্লোরেন্সে জন্মেছিলেন তিনি। তার প্রকৃত নাম কার্লো লোরেনজিনি। ‘কোল্লোদি’ ছদ্মনামটি নিয়েছিলেন মায়ের জন্মস্থান কোল্লোদি গ্রামের নাম থেকে। বাবা ছিলেন এক ধনাঢ্য পরিবারের রাঁধুনি, মা পরিচারিকা। পরবর্তী সময়ে পুতুলের পৃথিবীতে ক্ষুধা, দারিদ্র্য আর ক্ষমতাধরদের নিষ্ঠুরতা যিনি এঁকেছেন, সেসব অভিজ্ঞতার সঙ্গে পরিচয় ঘটেছিল শৈশবেই।
কোল্লোদির লেখালেখির শুরু সাংবাদিকতা ও রাজনৈতিক ব্যঙ্গরচনার মধ্য দিয়ে। ইতালির ঐক্যের আন্দোলন রিসোরজিমেন্তোর সময় তিনি স্বাধীনতা-যুদ্ধে স্বেচ্ছাসেবক হয়েছিলেন। শিশুদের জন্য লিখতে শুরু করেন প্রায় পঞ্চাশ বছর বয়সে। ১৮৭৫ সালে প্রকাশক ফেলিচে পাজ্জির অনুরোধে চার্লস পেরোসহ কয়েকজন ফরাসি লেখকের রূপকথা অনুবাদ করেন। পরে পিনোকিও লিখে বিশ্বসাহিত্যে স্থায়ী আসন করে নেন।
১৮৮১ সালের ৭ জুলাই শিশুতোষ সাময়িকী Giornale per i bambini-তে প্রকাশিত হয় পিনোকিওর প্রথম কিস্তি। নাম La storia di un burattino, অর্থাৎ ‘একটি পুতুলের গল্প’। প্রথম ১৫ অধ্যায়ের শেষে নির্মম পরিণতি অপেক্ষা করছিল পিনোকিওর জন্য। ছদ্মবেশী খুনিরা তাকে বিশাল এক ওকগাছের ডালে ঝুলিয়ে দেয়। বলা হয়, কোল্লোদি সেখানেই গল্প শেষ করতে চেয়েছিলেন। কিন্তু পাঠকের আগ্রহে কাহিনি আবার শুরু হয়। নীলকেশী এক পরী পুতুলটিকে বাঁচান। গল্পের নাম বদলে হয় Le avventure di Pinocchio, অর্থাৎ ‘পিনোকিওর দুঃসাহসিক অভিযান’। ১৮৮৩ সালে বইটি প্রথম মলাটবন্দি হয়।
গল্পের শুরু এক টুকরো কথা-বলা কাঠ দিয়ে। কাঠমিস্ত্রি মাস্ত্রো চিলিয়েজা ভয়ে সেটি দিয়ে দেন গরিব জেপেত্তোকে। সেই কাঠ থেকেই জন্ম পিনোকিওর। জেপেত্তো তাকে ছেলের মতো ভালোবাসেন। স্কুলে পাঠানোর জন্য বর্ণপরিচয়ের বই কিনতে নিজের একমাত্র কোটটিও বিক্রি করেন। অথচ পিনোকিওর মন পড়ে থাকে খেলায়। কথা-বলা ঝিঁঝি পোকা উপদেশ দিতে এলে সে হাতুড়ি ছুড়ে পোকাটিকে মেরে ফেলে।
এরপর খোঁড়া শেয়াল আর অন্ধ বেড়ালের পাল্লায় পড়ে। তারা তাকে বোঝায়, পাঁচটি সোনার মুদ্রা ‘অলৌকিক ফসলের মাঠে’ পুঁতে দিলে গাছে গাছে মোহর ফলবে। পিনোকিও বিশ্বাস করে, প্রতারিত হয়। খেলনার দেশে বন্ধু লুচিনিওলোর সঙ্গে কয়েক মাস কাটিয়ে দুজনেই গাধায় পরিণত হয়। বিক্রি হয়ে যায় পিনোকিও। সার্কাসে নাচতে গিয়ে আহত হওয়ার পর তাকে এমন এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়, যিনি তার চামড়া দিয়ে ঢোল বানাতে চান। নীলকেশী পরীর পাঠানো মাছেরা গাধার চামড়া খেয়ে ফেললে বেরিয়ে আসে কাঠের পুতুলটি। এ মোটেই নিরাপদ রূপকথা নয়।
গল্পের শেষ পর্বে ছেলেকে খুঁজতে গিয়ে জেপেত্তো আটকা পড়েন এক বিশাল হাঙরের পেটে। পিনোকিওও সেখানে গিয়ে বাবাকে খুঁজে পায়। তাকে পিঠে নিয়ে সাঁতরে হাঙরের পেট থেকে বেরিয়ে আসে সে। এরপর অসুস্থ বাবার জন্য দুধ জোগাড় করতে কঠোর পরিশ্রম করে, নিজের উপার্জন অন্যের জন্য ব্যয় করে, পড়াশোনায় মন দেয়। একসময় পরীর জাদুতে কাঠের শরীর বদলে যায়। ঘুম ভেঙে নতুন ছেলেটি দেখে, তার পুরনো কাঠের শরীরটি একটি চেয়ারে পড়ে আছে। পুতুল থাকার সময় নিজের চেহারা কেমন হাস্যকর ছিল, তা ভেবে অবাক হয় সে।
সহজভাবে পড়লে পিনোকিওর গল্পের শিক্ষা—সত্যবাদী হও, বড়দের কথা শোনো। অবাধ্যতার শাস্তি আছে, ভালো হওয়ার পুরস্কারও আছে। কিন্তু এর তাৎপর্য আরও গভীরে। পিনোকিও অবাধ্য, স্বার্থপর ও বেপরোয়া হলেও অনুভূতিশূন্য নয়। ভুলের মধ্য দিয়েই তার শেখা। রূপান্তরের বীজ নিহিত শাস্তির ভয়ে নয়, ভালোবাসায়—হাঙরের পেটে বাবাকে খুঁজে পাওয়ার পর তাকে উদ্ধারের মুহূর্তে। জেপেত্তোর নিঃস্বার্থ ভালোবাসাই পিনোকিওর মানুষ হয়ে ওঠার সবচেয়ে বড় শক্তি।
নীতিগল্পের বাইরেও বইটির রয়েছে সামাজিক তাৎপর্য। সদ্য ঐক্যবদ্ধ উনিশ শতকের ইতালির দারিদ্র্য, ক্ষুধা, শ্রেণিভেদ ও শোষণের ছাপ ছড়িয়ে আছে কাহিনির নানা পর্বে। সমালোচকেরা বইটিকে পড়েছেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। বেনেদেত্তো ক্রোচের বিখ্যাত মন্তব্য, পিনোকিও যে কাঠে খোদাই করা, সেই কাঠ হলো ‘মানবতা’।
শেয়াল আর বেড়ালের প্রতারণা আজকের ভুয়া বিনিয়োগের চটকদারি বিজ্ঞাপনের কথা মনে করিয়ে দেয়। খেলনার দেশও যেন চেনা—কোনো দায় নেই, শুধু আনন্দ আর অন্তহীন স্ক্রলের ভেতর ধীরে ধীরে কান লম্বা হতে থাকে। নাক লম্বা হওয়ার সেই পুরনো রূপক ভুয়া তথ্য ও অপতথ্যের যুগে নতুন অর্থ নিয়ে হাজির হয়েছে।
কোল্লোদি মারা যান ১৮৯০ সালের ২৬ অক্টোবর, ফ্লোরেন্সে। তার বইটি অনূদিত হয়েছে অন্তত ২৪০টি ভাষায়। ওয়াল্ট ডিজনির ১৯৪০ সালের অ্যানিমেশন চলচ্চিত্র পিনোকিওকে বিশ্বজুড়ে আরও পরিচিত করে তোলে। তবে মূল উপন্যাসের অন্ধকার, ব্যঙ্গ ও মানবিক জটিলতা সেখানে অনেকটাই অনুপস্থিত।
পিনোকিওকে আজও নতুন করে পড়তে হয়। নিজের ভুল বুঝতে পারা, সত্যকে গ্রহণ করা, অন্যের প্রতি দায়িত্বশীল হওয়া—মানুষ হয়ে ওঠার এই যাত্রা কখনো শেষ হয় না।
কার্লো কোল্লোদির দ্বিশততম জন্মবার্ষিকী
যে পুতুল শিখিয়েছিল মানুষ হওয়ার ‘ব্যাকরণ’
হাসান ইমাম
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম
[কার্লো লোরেনজিনি। ২৪ নভেম্বর ১৮২৬-২৬ অক্টোবর ১৮৯০]
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০