চট্টগ্রাম নগরের খুলশি থানা এলাকার নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ছন্দা শর্মা (৩৭) নামে এক কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ছন্দা চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ৩৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনার শর্মাপাড়ায়। তাঁর বাবার নাম মৃত হরেরাম শর্মা।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানান, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছন্দা শর্মার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, ছন্দা শর্মার স্বামী মলয় শর্মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। গতকাল রাতে বাসায় ফেরার পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্বামী। ২০১৩ সালে তাদের বিয়ে হয়েছিল। তাদের কোনো সন্তান নেই।