চুলের যত্নে হেয়ার সাইক্লিং কেন জরুরি

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৫ এএম

চুলের যত্নে প্রতিদিন একই ধরনের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করেন অনেকে। কিন্তু  চুলের ধরন ও সমস্যার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যতেœর ধরনেও পরিবর্তন আনা প্রয়োজন। এ ক্ষেত্রে চুলের যত্নের নতুন একটি পদ্ধতি হলো হেয়ার সাইক্লিং। এতে নির্দিষ্ট বিরতিতে চুলের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করা হয়। ফলে চুলের একাধিক সমস্যা মোকাবিলা করা সহজ হয়। একই সঙ্গে চুল হয়ে ওঠে সুস্থ ঝলমলে ও প্রাণবন্ত। জানিয়েছেন রূপবিশেষজ্ঞ ফাইয়াজা মাহাবুব

হেয়ার সাইক্লিং কী

চুলের ধরন, গঠন ও সমস্যা অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহারের পদ্ধতিকে বলা হয় হেয়ার সাইক্লিং। অর্থাৎ প্রতিবার চুল পরিষ্কারের সময় একই প্রসাধনী ব্যবহার না করে প্রয়োজন অনুযায়ী শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক কিংবা অন্যান্য পরিচর্যার সামগ্রী ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে প্রতিটি প্রসাধনী ব্যবহারের জন্য নির্দিষ্ট দিন বা সময় নির্ধারণ করা থাকে। মাঝের দিনগুলোতে চুলকে স্বাভাবিক অবস্থায় থাকতে দেওয়া হয়। এতে চুল ও মাথার ত্বকের আলাদা আলাদা প্রয়োজন অনুযায়ী যত্ন নেওয়া সম্ভব হয়।

সাধারণ পরিচর্যা ও হেয়ার সাইক্লিংয়ের পার্থক্য

সাধারণত চুল পরিষ্কারের জন্য আমরা নির্দিষ্ট শ্যাম্পু ও কন্ডিশনার দীর্ঘদিন ব্যবহার করি। কিন্তু সব প্রসাধনী সব ধরনের চুলের জন্য উপযোগী নয়। কোনোটি চুলের শুষ্কতা দূর করতে, কোনোটি খুশকি কমাতে, আবার কোনোটি ক্ষতিগ্রস্ত চুলের যত্নে তৈরি করা হয়। তাই একই প্রসাধনী দিয়ে চুলের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। হেয়ার সাইক্লিংয়ের মাধ্যমে চুলের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রসাধনী ব্যবহারের সুযোগ তৈরি হয়। ফলে চুলের একাধিক সমস্যা আলাদাভাবে মোকাবিলা করা যায়।

হেয়ার সাইক্লিংয়ের উপকারিতা

হেয়ার সাইক্লিংয়ের মূল সুবিধা হলো চুলের বিভিন্ন সমস্যার জন্য আলাদা যত্ন নেওয়া যায়। যেমন কারও চুলে খুশকি রয়েছে, আবার চুল রুক্ষ ও প্রাণহীন। এ ক্ষেত্রে খুশকি দূর করার উপযোগী শ্যাম্পুর পাশাপাশি চুলের আর্দ্রতা ফিরিয়ে আনে এমন কন্ডিশনার বা হেয়ার মাস্ক ব্যবহার করা যেতে পারে। এতে চুলের একাধিক সমস্যার যত্ন নেওয়া সম্ভব হয়।

এ ছাড়া চুলের ধরন অনুযায়ী সঠিক প্রসাধনী বেছে নিলে মাথার ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব ও আর্দ্রতার ভারসাম্য বজায় রাখতে সুবিধা। নিয়মিত চুল পরিষ্কার ও পরিচর্যা করলে জমে থাকা ময়লা এবং প্রসাধনীর অবশিষ্টাংশও দূর হয়। ফলে মাথার ত্বকে অস্বস্তি বা চুলকানির ঝুঁকি কমতে পারে। হেয়ার সাইক্লিং নিজে থেকে চুল পড়া বন্ধ করে না কিংবা চুলের বৃদ্ধি বাড়ায় না। এর কার্যকারিতা অনেকটাই নির্ভর করে চুলের ধরন ও ব্যবহৃত প্রসাধনীর ওপর।

হেয়ার সাইক্লিংয়ের প্রাথমিক ধাপ

হেয়ার সাইক্লিং শুরু করার আগে কয়েকটি বিষয় বিবেচনায় রাখা জরুরি। যেমন চুলের ধরন, গঠন, মাথার ত্বকের অবস্থা, আবহাওয়া, দৈনন্দিন জীবনযাপন এবং চুলের বিশেষ সমস্যা। এসব বিষয় বিবেচনা করে প্রসাধনী নির্বাচন করলে ভালো ফল পাওয়া সম্ভব। এবার জেনে নেওয়া যাক প্রাথমিক ধাপগুলো।

প্রথম ধাপ : পরিষ্কার ও আর্দ্রতা ফিরিয়ে আনা

 হেয়ার সাইক্লিংয়ের প্রথম ধাপে চুল ও মাথার ত্বক ভালোভাবে পরিষ্কার করার দিকে নজর দিতে হবে। এ জন্য প্রয়োজন অনুযায়ী পরিষ্কারক শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। এ ধরনের শ্যাম্পু মাথার ত্বকে জমে থাকা ধুলাবালি, অতিরিক্ত তেল ও প্রসাধনীর অবশিষ্টাংশ দূর করতে সাহায্য করে। তবে অতিরিক্ত ব্যবহার করলে চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে যেতে পারে। তাই চুলের ধরন বুঝে ব্যবহার করতে হবে। পাশাপাশি মাথার ত্বকের জন্য উপযোগী স্ক্রাব ব্যবহার করা যেতে পারে। তবে সংবেদনশীল বা ক্ষতযুক্ত ত্বকে স্ক্রাব ব্যবহার না করাই ভালো। চুল পরিষ্কারের পর আর্দ্রতা ফিরিয়ে আনতে কন্ডিশনার কিংবা হেয়ার মাস্ক ব্যবহার করা যেতে পারে।

দ্বিতীয় ধাপ : ক্ষতিগ্রস্ত চুলের যত্ন

যাদের চুল রুক্ষ, ভঙ্গুর কিংবা রং ও তাপের ব্যবহারে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা দ্বিতীয় ধাপে চুলের ক্ষতি মোকাবিলায় উপযোগী শ্যাম্পু ও কন্ডিশনার বেছে নিতে পারেন। এ ধরনের প্রসাধনী চুলের আর্দ্রতা ধরে রাখতে এবং চুলের ওপরের স্তরের ক্ষতিগ্রস্ত ভাব কমাতে সাহায্য করে। চুল ধোয়ার পর প্রয়োজন অনুযায়ী হেয়ার সিরাম ব্যবহার করা যেতে পারে। এতে চুল তুলনামূলক মসৃণ ও কোমল থাকে।

 হেয়ার সাইক্লিংয়ের শেষ ধাপে চুলের ধরন ও প্রয়োজন অনুযায়ী প্রসাধনী নির্বাচন করতে হবে। যাদের চুল সহজে জট পাকায়, তারা চুল নরম ও মসৃণ রাখে এমন কন্ডিশনার ব্যবহার করতে পারেন। আবার যাদের খুশকির সমস্যা রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুশকিনাশক শ্যাম্পু ব্যবহার করতে পারেন। চুল সাজানোর সময় তাপের ব্যবহার কমানো এবং প্রয়োজনে তাপরোধী প্রসাধনী ব্যবহার করাও জরুরি। এতে চুলের ক্ষতি কম এবং পছন্দমতো সাজানো সহজ হয়।

যা মনে রাখা জরুরি

হেয়ার সাইক্লিং সবার জন্য একই রকম হবে না। কারও চুলে সপ্তাহে দুইবার শ্যাম্পু করাই যথেষ্ট, আবার কারও প্রয়োজন হতে পারে আরও বেশি পরিচর্যার। তাই অন্যের রুটিন অনুসরণ না করে নিজের চুলের প্রয়োজন বুঝে প্রসাধনী নির্বাচন করতে হবে। অতিরিক্ত শ্যাম্পু, স্ক্রাব কিংবা বিভিন্ন প্রসাধনীর ব্যবহার চুল ও মাথার ত্বকের ক্ষতি করতে পারে। কোনো প্রসাধনী ব্যবহারে চুলকানি, জ্বালাপোড়া বা অস্বস্তি দেখা দিলে তা বন্ধ করা উচিত। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত